নেইমারের নাটুকে সংবাদ সম্মেলন, 'বিশ্বকাপ স্বপ্ন এখনো বেচে আছে'

আপডেট : ৩০ জুন ২০২৫, ১১:০৬ পিএম

নানামুখী জল্পনার অবসান ঘটিয়ে ফের শৈশবের ক্লাব সান্তোসে নিজের যাত্রা এগিয়ে নিচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড ২০২৫ সালের শেষ পর্যন্ত সান্তোসের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন। এই চুক্তি নবায়নের কথা ঘোষণায় এক নাটকীয় সংবাদ সম্মেলনের আয়োজন করেন। প্রচলিত রীতি ভেঙে নেইমার বেছে নেন এক ঘরোয়া পরিবেশ, যেখানে প্রথাগত সাংবাদিকদের জায়গায় ছিলেন তার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা। প্রশ্ন করার দায়িত্বে ছিলেন স্ত্রী ব্রুনা বিআনকার্দি।

স্ত্রী ব্রুনার করা এক সরল অথচ গভীর প্রশ্ন ছিল—‘তুমি এখনো খেলো কেন?’ এই প্রশ্নের উত্তরে আবেগাপ্লুত নেইমার বলেন, "মানুষ যখন না জেনে-বুঝে খারাপ কথা বলে, সেটা খুব কষ্ট দেয়। আমার ক্যারিয়ারের অনেকটা সময় কেটেছে এমন দুঃখ নিয়ে—যা কেবল ফুটবল ঘিরে নয়, ব্যক্তিগত জীবন নিয়েও। তবে আমি জানি, আমি একজন ভালো মানুষ। এখন আমার একটাই লক্ষ্য—পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরে আবার পার্থক্য গড়ে তোলা।”

নেইমার আরও বলেন, “ফুটবলের প্রতি আমার ভালোবাসাই আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করে। যেদিন আর নিজের মতো করে পারফর্ম করতে পারব না, সেদিন খেলার ইচ্ছেটাও চলে যাবে। তবে যতদিন এই ইচ্ছা থাকবে, ততদিন ফুটবল আমার সঙ্গেই থাকবে।”

বিশ্বকাপ জয়ের স্বপ্ন এখনো জীবিত

যদিও বয়সের ভারে অনেকেই নেইমারের ক্যারিয়ার নিয়ে সংশয় প্রকাশ করছেন, তবু তিনি নিজের স্বপ্নে অটল।

“সবাই জানে আমার স্বপ্ন বিশ্বকাপ জেতা। আমি এখনো মনে করি, এই লক্ষ্য পূরণ করার মতো শক্তি আমার আছে,” বলেন নেইমার।

চোট, সমালোচনা আর ফিরে আসার লড়াই

২০২৩ সালের অক্টোবরে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যান নেইমার। এরপর সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি শেষ করে ফিরে আসেন ব্রাজিলে। যদিও সান্তোসে ফিরে এখনও পুরোপুরি ছন্দে ফিরতে পারেননি তিনি। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৪ ম্যাচে মাঠে নেমে ৩টি গোল ও ৩টি অ্যাসিস্ট করেছেন, যার মধ্যে লিগে মাত্র ৪টি ম্যাচে সুযোগ পান।

তাঁর লাইফস্টাইল ও অফ-ফিল্ড কর্মকাণ্ড নিয়ে বারবার সমালোচনার মুখে পড়েছেন নেইমার। এই প্রসঙ্গে স্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন,

“মানুষ অনেক কিছু বলে, অথচ আমাদের জীবনের বাস্তবতা জানে না। তাদের পক্ষে বিচার করা সহজ, কিন্তু বোঝা কঠিন। আমি দীর্ঘ ক্যারিয়ারে বহুবার কষ্ট পেয়েছি এই কারণেই—যাঁরা আমাকে চিনেন না, তারাই আমাকে নিয়ে বলে চলে।”

তিনি আরও বলেন, "আমার ফুটবল ক্যারিয়ার একদিন শেষ হয়ে যাবে, নাম ইতিহাসে থাকবে, কিন্তু সময়ের সঙ্গে সবকিছু বদলাবে। আমি সবসময় বলি, যাঁরা আমাকে চেনেন, তাঁরাই আমার কাছে গুরুত্বপূর্ণ।”

সান্তোসে নতুন মিশন

চুক্তি নবায়নের পাশাপাশি নেইমারের চুক্তিতে ২০২6 বিশ্বকাপ পর্যন্ত বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। যদিও তিনি ভবিষ্যৎ নিয়ে বেশি কথা বলতে চান না, বর্তমানে শতভাগ ফিটনেস ফিরে পাওয়াকেই দেখছেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে।

“আমি ভবিষ্যতের কথা ভাবতে চাই না। আমার জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শরীরকে পুরোপুরি ফিট করে তোলা এবং মাঠে ফিরে সমর্থকদের আনন্দ দেওয়া।”

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত