গফরগাঁওয়ে নদীতে ডুবে মাদ্রাসা ছাত্রী নিহত, নিখোঁজ ২

আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৬:১৮ পিএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদ্রাসায় যাওয়া হলোনা তিন শিক্ষার্থীর। খেয়া ঘাট পারাপারের সময় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে তিন শিক্ষার্থী নিখোঁজ হয়। স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে একজনের মরদেহ উদ্ধার করলেও দুই জনের এখনো খোঁজ মেলেনি।

মঙ্গলবার (১ জুলাই) সকাল ৯টায় উপজেলার পাগলা থানাধীন টাঙ্গাব ইউনিয়নের বাসিয়া-পুডিরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

দত্তের বাজার-বিরই দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী নিহত শাপলা আক্তার (১৪) পাশ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার চরআলগী গ্রামের মাইনুদ্দিনের কন্যা। অপর দুইজন ইবতেদায়ি শাখার প্রথম শ্রেণীর শিক্ষার্থী একই গ্রামের হাবিব মিয়ার ছেলে আরিফ (৮) ও মমতাজ মিয়ার ছেলে জোবায়ের (৮)।

জানা যায়, মঙ্গলবার সকাল নয়টার দিকে টাঙ্গাব বাসিয়া-পুডিরঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদ পার হওয়ার সময় যাত্রীবাহী নৌকাটি হঠাৎ স্রোতের টানে ডুবে যায়।

এ সময় অন্য যাত্রীরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও শাপলা আক্তার, আরিফ ও জোবায়ের নামে তিনজন উঠতে পারেনি। পরে শাপলা আক্তারকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

তবে জোবায়ের ও আরিফের সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

পাগলা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম বলেন, খবর পেয়ে গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী আক্তারুল আলম ও আমি ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পরিচালনা করি। উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত