মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কের মেয়র প্রার্থী জোহরান মামদানিকে গ্রেফতার, নাগরিকত্ব বাতিল ও দেশ থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন। এর জবাবে মামদানি বলেছেন, ‘এ ধরনের ভীতি আমরা মানি না।’ খবর দ্য ওয়াশিংটন পোস্টের।
ট্রাম্প মঙ্গলবার (১ জুলাই) ফ্লোরিডার একটি অস্থায়ী অভিবাসী আটক কেন্দ্র পরিদর্শনকালে মামদানিকে ‘কমিউনিস্ট’ আখ্যা দিয়ে বলেন, ‘তাকে গ্রেফতার করা হোক। আমাদের দেশে কমিউনিস্টের স্থান নেই।’
উল্লেখ্য, মঙ্গলবারই মামদানি নিউইয়র্কের নির্বাচন বোর্ড ডেমোক্র্যাট প্রাইমারিতে জয়ী হন। তৃতীয়ে রাউন্ডের শেষে মামদানির প্রাপ্ত ভোটের হার ছিল ৫৬ শতাংশ। যেখানে জয়লাভের জন্য দরকার ছিল ৫০ শতাংশের বেশি ভোট। এর মাধ্যমেই মামদানি নিউইয়র্কের মেয়র হওয়ার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গিয়েছেন। এরপরই তাঁকে হুমকি দেন ট্রাম্প।
এ বিষয়ে এক বিবৃতিতে মামদানি বলেন, ‘প্রেসিডেন্ট আমাকে গ্রেফতার, নাগরিকত্ব কেড়ে নেওয়া ও নির্বাসনের হুমকি দিয়েছেন, শুধু এ কারণে যে আমি আইসিই এজেন্টদের নিউইয়র্কে ভয় সৃষ্টিতে সহায়তা করব না।’ ৩৩ বছর বয়সী এই ডেমোক্র্যাট প্রার্থী আরও বলেন, ‘এ হুমকি শুধু গণতন্ত্রের জন্য হুমকি নয়, বরং প্রতিটি নিউইয়র্কবাসীর জন্য সতর্কবার্তা-কেউ কথা বললেই তারা শাস্তি দেবে। কিন্তু আমরা ভয় পাব না।’
উগান্ডায় জন্ম নেওয়া ভারতীয় বংশোদ্ভূত মামদানি ২০১৮ সালে মার্কিন নাগরিক হন। বর্তমানে তিনি নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য। ট্রাম্পের হুমকির নিন্দা করে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বলেন, ‘প্রেসিডেন্ট বা অন্য কেউ যদি নিউইয়র্কবাসীকে হুমকি দেন, তা মানব না। এ লড়াইয়ে আমি সামনে থাকব।’
