চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ৩১ অক্টোবর প্রকাশ করা হবে। ওই দিন বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করা হবে। উদ্বোধনের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা অনলাইনে, এসএমএসের মাধ্যমে ও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোর্ড প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনলাইনের মাধ্যমে ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য ওই ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএনের (প্রতিষ্ঠানের পরিচিতি নম্বর) মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দিয়েছে বোর্ড।
পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর কমন ওয়েবসাইট ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন। পরীক্ষার্থীরা ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করতে পারবেন।
এসএমএসে যেভাবে ফল জানবেন
মোবাইল ফোন থেকে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠিয়ে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।
এজন্য মেসেজ অপশনে প্রথমে HSC লিখতে হবে। এরপর একটি স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখতে হবে। প্রতিটি তথ্যের মাঝে স্পেস দিতে হবে।
উদাহরণ: HSC DHA 123456 2026 লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
ফল পুনর্নিরীক্ষণের আবেদন
যেসব শিক্ষার্থীরা ফল পুনর্নিরীক্ষণ করতে চান, তারা ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে।
চলতি বছর ১১ শিক্ষাবোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষা অংশ নিয়েছেন। গত ২ জুলাই পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ৮ আগস্ট। মাঝে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। ওই বোর্ডে ৯ সেপ্টেম্বর পর্যন্ত লিখিত পরীক্ষা নেওয়া হয়।
৩১ অক্টোবর প্রকাশ হবে এইচএসসি পরীক্ষার ফল, পুনর্নিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন