বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ঝুমুর (৪০) নামের এক নারী মারা গেছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯১ জন।
মৃত ঝুমুর বরগুনা জেলার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের বাসিন্দা।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ‘ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। প্রতিরোধই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। চিকিৎসা দেওয়ার সক্ষমতা সীমিত। তাই পরিবেশ পরিষ্কার রাখা ও মশার কামড় থেকে বাঁচতে সচেতন হতে হবে।’
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের শুরু থেকে বরিশাল বিভাগের ছয় জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২০৯ জন, বর্তমানে চিকিৎসাধীন ৪৭৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৩ জন। এর মধ্যে বরগুনায় মৃত্যুর সংখ্যা ৬ এবং আক্রান্ত ৩ হাজার ১২৬ জন, যা বিভাগের মধ্যে সর্বোচ্চ।
