যশোরের বেনাপোল স্থলবন্দরে সার্বিয়ার ভিসাযুক্ত ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় এক ট্রাকচালককে আটক করেছে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা। পাসপোর্টগুলো সবই বাংলাদেশের নাগরিকদের নামে এবং প্রত্যেকটিতে ২৪ জুন তারিখে ইস্যু করা সার্বিয়ার ভিসা রয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল থেকে তাকে আটক করা হয়।
আটক ভারতীয় ট্রাক চালকের নাম বেচারাম প্রামাণিক (৪৩)। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগণা জেলার বনগাঁও এলাকার বলরাম প্রামাণিকের ছেলে।
বেনাপোল বন্দরের ডেপুটি ডাইরেক্টর মামুন তরফদার ঘটনার বলেন, ট্রাকচালক বেচারাম প্রামাণিক ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশি পাসপোর্টগুলো নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, এসব ভিসা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে অনুপ্রবেশের উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে।
আনসার সদস্যদের হাতে উদ্ধার হওয়া পাসপোর্টগুলো যে ব্যক্তিদের নামে ইস্যু করা হয় তারা হলেন- চাঁদপুরের মনোহরগাজীর ছেলে মোজাম্মেল হোসেন, নোয়াখালীর রফিউল্লার ছেলে ইমরান হোসেন, কিশোরগঞ্জের রিপন মিয়ার ছেলে অপূর্ব মিয়া, ঢাকার আব্দুল মাজিদের ছেলে ফয়সাল আহম্মেদ, ব্রাহ্মণবাড়িয়ার হাজি আব্দুল মান্নানের ছেলে ইসহাক, সাতক্ষীরার খলিল গাজীর ছেলে হুমায়ন কবির, ঢাকার দানেশ আলীর ছেলে নাজমুল ইসলাম, গাজীপুরের আব্দুর রশিদের ছেলে আবুল হোসেন, মানিকগঞ্জের আবুল কাশেমের ছেলে শরিফুল ইসলাম, নোয়াখালীর আব্দুল মোতালেবের ছেলে আব্দুল কাদের, আলাউদ্দীনের ছেলে আব্দুল আজিজ, সাহেব উদ্দীনের ছেলে আব্দুর রহিম, অমল চন্দ্র দাসের ছেলে রুপম চন্দ্র দাস, সাতক্ষীরার রেজাউল ইসলামের ছেলে তানভির হাসান, নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম, নূর হোসেনের ছেলে পলাশ হোসেন, নুর মোহাম্মদ শেখের ছেলে জাকারিয়া, ইউনুছের ছেলে আবু সাঈদ, ফেনীর মোরশেদ আলমের ছেলে আব্দুল করিম ও নরসিংদীর বাতেন মিয়ার ছেলে ফাইম মিয়া।
আনসার কমান্ডার হেলালউজ্জামান জানান, আগে থেকেই তাদের কাছে গোপন তথ্য ছিল— ভারতীয় এক ট্রাকচালকের মাধ্যমে বাংলাদেশি বেশকিছু পাসপোর্ট পাচারের চেষ্টা করা হচ্ছে। সেই অনুযায়ী বন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। ট্রাকচালক বেচারাম প্রামাণিক ভারতের পেট্রাপোল থেকে কার্যক্রম শেষ করে বাংলাদেশের বেনাপোল বন্দরে প্রবেশের পর টার্মিনাল এলাকা থেকে তার ব্যাগ তল্লাশি করে ভিসাযুক্ত ২০টি পাসপোর্ট উদ্ধার করা হয়। বর্তমানে আটক ভারতীয় ট্রাকচালক ও পাসপোর্টগুলো বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি রাশেল মিয়া জানান, আটক পাসপোর্টধারীরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট কি না বা অপরাধী চক্রের সদস্য কি না তা খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার বিকালে আটক ভারতীয় ট্রাকচালককে আদালতে পাঠানো হয়েছে।
