জুলাই শহীদদের সনদ দেওয়া সম্ভব, তবে সংখ্যা বেশি হওয়ায় কাজটি কঠিন: শারমীন মুর্শিদ

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০১:০০ এএম

জুলাই শহীদদের স্বীকৃতি দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন মুর্শিদ। তবে তিনি বলেন, ‘‘সনদ দেওয়া সম্ভব, কিন্তু সনদ একটু কঠিন কারণ যোদ্ধাদের সংখ্যা অনেক।’’

আজ শুক্রবার বিকেলে আকস্মিক সফরের অংশ হিসেবে গাজীপুরের টঙ্গীতে দুই শহীদের কবর জিয়ারত এবং তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শারমীন মুর্শিদ বলেন, “নাফিসাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, এ বিষয়ে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে। জুলাই শহীদদের স্বীকৃতি স্বরূপ সনদ প্রদানের বিষয়ে সরকার কাজ করছে।”

এ সময় শহীদ মারওয়ার পরিবারের সঙ্গেও তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। পরে পৃথকভাবে দুই শহীদের কবর জিয়ারত করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, ‘‘আমরা দায়িত্ব নিয়েছি এক বছর হলো। এতদিনেও শহীদ পরিবারগুলোর কাছে পৌঁছাতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। আমাদের বিরুদ্ধে অভিযোগ থাকে, আমরা নাকি সময়মতো পৌঁছাই না। কিন্তু তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেরি হলেও আমরা সবার কাছে পৌঁছাতে চাই। শহীদ নাফিসার বাবা যে অনুদান পাওয়ার কথা, তা তিনি পেয়েছেন। এখানে আরেকজন শহীদের বাবাও অনুদান পেয়েছেন।’’

এই সফরে শারমীনের সঙ্গে আরও উপস্থিত ছিলেন—মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব তারেক মোহাম্মদ জাকারিয়া, সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার শারমিন সুলতানা, টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর শাখার নেতাকর্মী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত