বাগেরহাটের ফকিরহাটে একটি মেটাল কারখানায় ঢুকে সশস্ত্র ডাকাত দল নিরাপত্তা প্রহরীদের বেঁধে রেখে প্রায় সাড়ে নয় ঘণ্টা ধরে কোটি টাকা মূল্যের মূল্যবান সরঞ্জাম লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাগেরহাট-খুলনা মহাসড়ের পাশে ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া এলাকায় অবস্থিত ‘এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজ’ নামের ওই প্রতিষ্ঠানে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শনিবার ভোর চারটা পর্যন্ত এই ডাকাতির ঘটনা ঘটে।
আজ শনিবার দফায় দফায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ডাকাতির ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি। ‘এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজ’ হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের একটি সহযোগী প্রতিষ্ঠান। সম্প্রতি এই কারখানাটি চালু করা হয়।
কারাখানার নিরাপত্তা প্রহরীরা সাংবাদিকদের জানান, শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে মুখোশ পরা ১৫/২০ জনের একটি ডাকাত দল নিরাপত্তা প্রহরীকে অস্ত্রের ভয় দেখিয়ে কারাখানায় প্রবেশ করে। পরে তারা ভেতরে থাকা সাতজন নিরাপত্তা প্রহরী ও চারজন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে দড়ি দিয়ে বেঁধে ফেলে কারখানায় রাখা ১৫ টন অ্যালমুনিয়ামের বার, আড়াই টন তামার তার এবং একটন বৈদ্যুতিক তার দুটি ট্রাক বোঝাই করে খুলনার দিকে চলে যায়।
হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মহাব্যবস্থাপক (অপারেশন) মো. সিদ্দিকুর রহমান জানান, কারখানার শ্রমিকদের আটকে রেখে অ্যালমুনিয়ামের বার, আড়াই টন তামার তার এবং একটন বৈদ্যুতিক তার লুট করে ট্রাকযোগে নিয়ে গেছে ডাকাত দল। যার বাজারমূল্য কোটি টাকার বেশি হবে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, শনিবার ভোর ৫টার দিকে খবর পেয়ে পুলিশের একটি দল আমি ঘটনাস্থল পরিদর্শন করি। সেখানে যেয়ে জানতে পারি একদল ডাকাত নিরাপত্তা প্রহরী ও শ্রমিকদের ভয় দেখিয়ে কারখানার বিভিন্ন ধরনের মালামাল নিয়ে গেছে। এই ডাকাতির ঘটনায় কারা জড়িত তাদের শনাক্তের চেষ্টা চলছে।
মুরাদনগরে নারী নির্যাতনের ভিডিও ছড়ানো শাহপরান কারাগারে
ইউনূস সরকারকে ডুবাতে এক প্রেস সচিবই যথেষ্ট: গোলাম মাওলা রনি