কারাবন্দি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান শুক্রবার জানিয়েছেন, দলের প্রধান হিসেবে তিনি আশুরার পর সরকারবিরোধী আন্দোলন শুরুর নির্দেশ দিয়েছেন।
ইমরানের বোন আলিমা খান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি শুক্রবার রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী আদালতের বাইরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন।
আলিমা বলেন, ইমরান খান মনে করেন ২৭তম সংশোধনী বাস্তবায়নের চেয়ে রাজতন্ত্র প্রতিষ্ঠা করাই বরং ভালো।
পাকিস্তানের সুপ্রিম কোর্ট পিটিআইকে সংরক্ষিত আসনে (সংখ্যালঘু ও নারী কোটায়) প্রতিনিধিত্ব না দেওয়ার রায় ঘোষণার পর এই মন্তব্য করেছেন আলিমা। গত ২৭ জুন পাকিস্তানের সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ এই রায় দেয়।
তবে সরকার পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, পিটিআই যেন ‘প্রতিবাদের নামে’ বিশৃঙ্খলা সৃষ্টি না করে। তবে শান্তিপূর্ণ বিক্ষোভ তাদের সাংবিধানিক অধিকার, যা মেনে চললে বাধা দেওয়া হবে না বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়।
আলিমা খান জানান, আন্দোলনের পরিকল্পনা ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। ইমরান খান জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ‘নিজের স্বাধীনতার জন্য রাস্তায় নামতে।’ তার মতে, ‘দাসত্বের চেয়ে কারাবাস শ্রেয়।’
