ফেরদৌস ওয়াহিদের চমক

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১২:৫৪ এএম

ফেরদৌস ওয়াহিদের চমক, আসছে গোয়েন্দা সিরিজ ‘সিক্রেট ফাইল-আমরা গোয়েন্দা’, পপসংগীতের আইকন ফেরদৌস ওয়াহিদ এবার ছোট পর্দায় আনছেন নতুন চমক। দীর্ঘদিন পর তিনি নির্মাণ করতে যাচ্ছেন একটি গোয়েন্দাভিত্তিক টিভি সিরিজ, নাম ‘সিক্রেট ফাইল-আমরা গোয়েন্দা’। শুধু নির্মাণই নয়, এতে মুখ্য চরিত্রেও দেখা যাবে তাকে।

গানের ভুবনে নিজের স্বতন্ত্র ছাপ রেখে যাওয়া এই শিল্পী ইতিমধ্যে অভিনয়, উপস্থাপনা এবং পরিচালনার মাধ্যমে তার বহুমাত্রিক প্রতিভার প্রমাণ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় এবার নির্মাতা হিসেবে হাজির হচ্ছেন রহস্য-রোমাঞ্চের গল্প নিয়ে।

সিরিজটি সম্পর্কে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘গোয়েন্দা গল্পের প্রতি আমার দুর্বলতা বহুদিনের। অনেক দিন ধরে ইচ্ছা ছিল এমন কিছু করব। এবার সুযোগ এসেছে, আর আমি কাজে নামছি।’

তিনি আরও জানান, ৩৫ পর্বের এই সিরিজের জন্য লোকেশন খোঁজা হচ্ছে। বর্ষা মৌসুম শেষে শুরু হবে দৃশ্যধারণ। সিরিজটিতে নতুন কিছু মুখকেও দেখা যাবে বলে জানালেন এই বর্ষীয়ান সংগীতশিল্পী।

এর আগে চ্যানেল আইয়ে প্রচারিত ‘চেনা মুখ দুঃখ সুখ’ অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করেছেন তিনি। সেই অভিজ্ঞতাও তার নির্মাণ ভাবনার পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করছে বলে উল্লেখ করেন ফেরদৌস।

এ ছাড়া শিগগিরই ‘সন্ধ্যা মায়া’ নামে একটি চলচ্চিত্র পরিচালনা করার পরিকল্পনাও রয়েছে তার। সেখানে অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও থাকবেন তিনি। বাংলাদেশের বিনোদন অঙ্গনে বহুমাত্রিক ফেরদৌস ওয়াহিদের এই নতুন উদ্যোগ দর্শকদের কাছে কীভাবে গ্রহণযোগ্যতা পায়, তা দেখার অপেক্ষায় রইল গোটা টিভি দর্শক শ্রেণি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত