দ্বিতীয় ওয়ানডেতে একদিকে যখন মাঠে লড়াই করছে বাংলাদেশ দল, অন্যদিকে মাঠের বাইরে নতুন এক দুশ্চিন্তার নাম হয়ে উঠেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফিল্ডিংয়ের সময় আবারও পুরনো চোটে পড়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
বাউন্ডারির কাছে একটি ডাইভ দিয়ে বল থামানোর চেষ্টায় ডান পায়ের উরুর পেশিতে (কোয়াড্রিসেপস) টান লাগে শান্তর। চোট পেয়েই মাঠ ছাড়েন তিনি। এরপর আর মাঠে নামেননি পুরো ফিল্ডিং ইনিংসে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন কর্মকর্তা জানিয়েছেন, “শান্ত আপাতত বিশ্রামে আছেন, বরফ সেঁক দেওয়া হচ্ছে। আগামী ২৪ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে।”
চিকিৎসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার শান্তর চোট আবার পরীক্ষা করা হবে। এরপরই ক্যান্ডিতে অনুষ্ঠেয় তৃতীয় ওয়ানডেতে তার খেলা নিয়ে সিদ্ধান্ত জানাবে টিম ম্যানেজমেন্ট।
উল্লেখ্য, এর আগে চলতি বছরই কোয়াড চোটে ভুগেছিলেন শান্ত। সেই চোট নতুন করে ফিরে আসায় উদ্বেগ বেড়েছে দলের ভেতরেও। সিরিজে এখন ১-১ সমতা, এমন অবস্থায় অধিনায়কের থাকা না-থাকা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সৌম্য-সোহানদের মুখোমুখি হতে যাচ্ছেন সাকিব আল হাসান