ব্রায়ান লারার ২০ বছরের পুরোনো রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকার উইয়ান মুলডার। জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে চলমান টেস্টে দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতিতে তিনি অপরাজিত ৩৬৭ রানে।
মাত্র ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার এরই মধ্যে জায়গা করে নিয়েছেন টেস্ট ইতিহাসের সর্বকালের সেরা ইনিংসগুলোর তালিকায়। ৩৩৪ বলে ৪৯ চার ও ৪ ছক্কায় গড়া তার এই ইনিংস টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত রানের তালিকায় ঢুকে পড়েছে প্রথম দশে। পেছনে ফেলেছেন লেন হাটনের ৩৬৪ ও সনাথ জয়সুরিয়ার ৩৪০ রানের ঐতিহাসিক ইনিংস।
মুলডারের ইনিংসে রেকর্ডের ফুলঝুরি। ২৭ বছর ১৩৮ দিন বয়সে তিনিই এখন টেস্ট ইতিহাসে কনিষ্ঠতম অধিনায়ক, যিনি করেছেন ট্রিপল সেঞ্চুরি। এ ক্ষেত্রে ১৯৬৪ সালে অস্ট্রেলিয়ার বব সিম্পসনের করা রেকর্ডকে টপকে গেছেন তিনি।
আর মাত্র ৩৪ রান দূরে লারার কিংবদন্তিতুল্য ৪০০ রানের ইনিংস, যেটি ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে তৈরি করেছিলেন ক্যারিবীয় কিংবদন্তি। মুলডার যদি এই রেকর্ড স্পর্শ কিংবা অতিক্রম করতে পারেন, তাহলে সেটি হবে টেস্ট ইতিহাসে এক ঐতিহাসিক অধ্যায়।
এখন পর্যন্ত টেস্ট ইতিহাসে ৪০০ রানের গণ্ডি পেরিয়েছেন কেবল ব্রায়ান লারা। তার ঠিক নিচেই রয়েছে ম্যাথু হেইডেনের ৩৮০, ব্রায়ান লারারই আরেকটি ইনিংস ৩৭৫ ও মাহেলা জয়াবর্ধনে ৩৭৪। মুলডার এখন রয়েছেন তালিকার পঞ্চম স্থানে, তবে খুব শিগগিরই এই অবস্থান পাল্টে যেতে পারে।
ক্রিকেটবিশ্বের চোখ এখন বুলাওয়ের দিকে। মুলডার কি পারবেন ইতিহাস লিখতে? লাঞ্চের পরই হয়তো জানা যাবে সেই উত্তর।
ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে টিকিটের দাম কমেছে ৩৫ গুণ
দোন্নারুম্মার ওপর যে কারণে ক্ষুব্ধ বায়ার্ন ফুটবলাররা