সিরাজগঞ্জে বজ্রপাতের কবলে পড়ে দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১০:২৭ পিএম

সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে বজ্রপাতের কবলে পড়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দৈনিক দেশ রূপান্তরের সিরাজগঞ্জ প্রতিনিধি মো. মুমীদুজ্জামান জাহান। শনিবার (৫ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রাউতারা বাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের দুগ্ধ উৎপাদনকারী খামারি সমাবেশের সংবাদ সংগ্রহ শেষে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন সাংবাদিক মো. মুমীদুজ্জামান জাহান। এসময় তার সঙ্গে ছিলেন দৈনিক বর্তমান পত্রিকার শাহজাদপুর উপজেলা প্রতিনিধি মো. লিটন শেখ। রাউতারা বাঁধের উপরের ইটের সড়কের মাঝামাঝি এলাকায় পৌঁছালে প্রচণ্ড বিকট শব্দে বজ্রপাত ঘটে। এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩/৪ ফুট দূরে ছিটকে পড়ে যান তারা। এতে পেছনে বসা সাংবাদিক মুমীদুজ্জামান জাহান ইটের সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার দুই পা ও ডান হাতের কব্জিতে আঘাত পেয়েছেন। এ ছাড়া তার বাম হাতের কনুইয়ের জয়েন্ট ছুটে গেছে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠায়। পরে শাহজাদপুর পৌর সদরের ডাকবাংলা পাড়ায় অবস্থিত পিস ল্যাব হাসপাতাল ও নুরজাহান হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক দৈনিক বর্তমান পত্রিকার শাহজাদপুর উপজেলা প্রতিনিধি মো. লিটন শেখও গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত