ক্রিকেট আগ্রহে ভাটা, খেলা দেখানোর টিভি পাচ্ছে না বিসিবি

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৯:৫৩ পিএম

মাঠের পারফর্ম্যান্সে মন্দাভাব, প্রশাসনে অস্থিরতা আর দূর্নীতির অভিযোগ এবং তারকা ক্রিকেটারদের অনুপস্থিতি; সব মিলিয়ে ক্রিকেট নিয়ে আগ্রহে ভাটা পড়েছে দর্শকদের। অন্যদিকে  হামজা চৌধুরির মত বিদেশে জন্মানো বাংলাদেশী বংশোদ্ভুত ফুটবলাররা বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যোগ দেয়াতে দর্শকদের আগ্রহ বাড়ছে ফুটবলকে ঘিরে। সঙ্গে যোগ হয়েছে এশিয়ান কাপে নারী ফুটবলারদের অংশগ্রহণের যোগ্যতা অর্জনও। সব মিলিয়ে পৃষ্ঠপোষকদের নজর এখন ফুটবলে, ক্রিকেটের রমরমা দিন অস্তাচলে। তাই তো সম্প্রচার সংস্থা পেতে দুই বার শর্ত বদলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাড়িয়েছে আগ্রহপত্র জমা দেয়ার সময়সীমা।

১২ জুন ২০২৫ তারিখে জাতীয় দৈনিকে বিজ্ঞাপণ দিয়ে ১২ জুলাই ২০২৫ থেকে ১৫ জুন ২০২৭ পর্যন্ত সময়সীমার মধ্যে বাংলাদেশের হোম সিরিজের স্যাটেলাইট, ডিজিটাল এবং ডিটিএইচ (ডিরেক্ট-টু-হোম) স্বত্ব বিক্রয়ের জন্য দরপত্র আহবান করে বিসিবি। এর জন্য দরপত্র দেয়ার শেষ দিন ছিল ৮ জুলাই দুপুর ১২টা। বিসিবি সূত্রে জানা গেছে, এই সময়সীমার  ভেতর দেশীয় কোন প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়নি। বিসিবি শর্ত আরোপ করেছে ১০ লাখ মার্কিন ডলার সিকিউরিটি ডিপোজিট যা দরপত্রের সঙ্গেই জমা দিতে হবে। ব্যাঙ্ক ড্রাফট, পে অর্ডার, অপরিবর্তনীয় ব্যাঙ্ক গ্যারান্টি অথবা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে  পরিশোধের দিনের বিনিময় হার অনুযায়ী জমা করতে হবে। এই শর্তে কোন দরদাতা পায়নি বিসিবি। বিজ্ঞপ্তিতে প্রথম সংশোধনী আনা হয় ২৭ জুন, ডিটিএইচ স্বত্বকে স্যাটেলাইট স্বতের অন্তর্ভুক্ত করা হয়, নিলামে দরপ্রক্রিয়াকে ভেঙ্গে  শুধুই বাংলাদেশ কিংবা শুধুই বৈশ্বিক অথবা বিশ্বের নির্দিষ্ট কোন অঞ্চলের জন্য স্বত্ব এভাবে কয়েকটি প্যাকেজে ভাগ করা হয়। সিকিউরিটি ফি ও সেই অনুপাতে কমিয়ে আনার ঘোষণাও দেয়া হয় সংশোধনীতে। তারপরও বাংলাদেশের আগামী বছর দুয়েকের হোম সিরিজের সম্প্রচার স্বতের জন্য কোন ক্রেতা পায়নি বিসিবি। এরপর ৪ জুলাইতে দ্বিতীয়বার সংশোধনী আনা হয় দরপত্র প্রস্তাবে। প্রায় ২ বছরের হোম সিরিজের সম্প্রচার স্বত্বের পাশাপাশি একই শর্তে শুধুমাত্র পাকিস্তানের বিপক্ষে ৩ টি-টোয়েন্টির সিরিজের জন্য আলাদা দরপ্রস্তাব আহবান করেছে বিসিবি। এই সিরিজ বাদে ১৫ জুন ২০২৭ পর্যন্ত সময়ের বাংলাদেশের সব হোম সিরিজের সম্প্রচার স্বত্বের জন্য দরপত্র জমা দেয়ার শেষ তারিখ ২১ আগস্ট, সিকিউরিটি ডিপোজিট জমার শেষ তারিখ ২৪ আগস্ট ও নিলাম প্রক্রিয়া শুরুর তারিখ ২৫ আগস্ট  নির্ধারণ করেছে বিসিবি। 

পাকিস্তান সিরিজের এই ৩ টি-টোয়েন্টি ছাড়াও আগামী বছর দুয়েকে বাংলাদেশে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সফর করবে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড। আগস্টে ভারতীয় দলের সীমিত ওভারের ক্রিকেটের সফর পিছিয়ে গেলেও সেটা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যা প্রস্তাবিত সময়সীমার ভেতরেই। এর বাইরে আয়ারল্যান্ডের সঙ্গেও এই বছরের শেষে আছে টেস্ট ও ওয়ানডে। বাংলাদেশে আগামী বছর খেলতে আসার কথা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডেরও। সবকিছু বিবেচনায় আকর্ষণীয় সূচী থাকলেও সম্প্রচার সংস্থার কাছে চাহিদা কমার কারণ হিসেবে সংশ্লিষ্টদের মন্তব্য টিভি বিজ্ঞাপণের বাজারে দর কমে যাওয়া। খেলা দেখায় এমন একটি ওটিটি অ্যাপ এর শীর্ষ কর্মকর্তা দেশ রূপান্তরকে জানান, 'গ্রাহকের কাছ থেকে সাবস্ক্রিপশন এবং ওভারের মাঝে বিজ্ঞাপণের প্রদর্শনী থেকে আয়, এভাবেই ওটিটি প্ল্যাটফর্মগুলো আয় করে থাকে। গ্রাহক পর্যায়ে আয়টা খুব বড় অংশ নয়, সেটা অনেক সময় মোবাইল সেবা দাতা সংস্থা বা মোবাইলে আর্থিক সেবাদাতা সংস্থার সঙ্গে ভাগাভাগি হয়। বড় অংশই আসে বিজ্ঞাপন থেকে। সেই আয়টা ব্যাপকভাবে কমে গেছে। বিজ্ঞাপনী সংস্থাগুলো ক্রিকেটে আগ্রহ দেখাচ্ছে না। ফলে সম্প্রচার সংস্থা যে স্বত্ব কিনে সেকেন্ডারি মার্কেটে বিজ্ঞাপন বিক্রি করে টাকাটা তুলবে, সেই জায়গাটাতে বিপুল ঘাটতি দেখা দিয়েছে বলেই প্রতিষ্ঠানগুলো আগ্রহ দেখাচ্ছে না।'

এপ্রিলে বাংলাদেশে সফরে এসেছিল জিম্বাবুয়ে, দুই টেস্ট সিরিজের সম্প্রচার স্বত্বও বিক্রি করতে পারেনি বিসিবি। অগত্যা সেই টেস্ট সিরিজ সম্প্রচার করেছিল রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভি। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সম্প্রচার সংস্থা না পাওয়া গেলে হয়তো একই পথেই হাঁটতে হবে বিসিবিকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত