সজল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০১:৩৯ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত জুতা কারখানার শ্রমিক সজল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। 

আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ উভয়পক্ষের যুক্তিতর্ক শুনে এই আদেশ দেন।

আদালতে আইভীর পক্ষে জামিন চেয়ে আবেদন করেন তাঁর আইনজীবীরা, তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত সজল সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার একটি জুতা কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকার ডাচ-বাংলা ব্যাংকের সামনে গুলিতে তিনি মারা যান। পরে এ বছরের ১৬ মে নিহতের মা সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ৬২ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও এক থেকে দেড় শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সাবেক মেয়র আইভীর নির্দেশে ছাত্র-জনতার ওপর হামলা চালানো হয়। এই ঘটনায় দায়ের হওয়া সজল হত্যা মামলায় তাঁর জামিন আদালত নামঞ্জুর করেছেন। আমরা আশাবাদী, এর ফলে তিনি দীর্ঘদিন কারাগারেই থাকবেন।’

অন্যদিকে, আইভীর পক্ষে আইনজীবী বলেন, ‘আমরা আদালতে জামিনের আবেদন জানিয়েছিলাম, কিন্তু বিচারক তা মঞ্জুর করেননি। আমরা মনে করি, নিম্ন আদালতে ন্যায়বিচার পাইনি। তাই উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত