বাবার বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে মৌসুমি আক্তার (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার ২ নম্বর কাটলা ইউনিয়নের জোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মৌসুমি আক্তার ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট গঙ্গাপুর এলাকার রতন সরকারের স্ত্রী।
স্থানীয়রা জানিয়েছেন, বুধবার বিকেলের দিকে স্বামীর বাড়ির থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন মৌসুমি আক্তার। বাবার বাড়িতে এসে ঘরের দরজায় দাঁড়ানোর পরই সেখানে তাকে সাপে কামড় দেয়। পরে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাহাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় কাটলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাইমা জানান, বাবার বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে একজনের মৃত্যু হয়েছে।
