ড. ইউনূসকে ধন্যবাদ মির্জা ফখরুলের

আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৫:৩৬ পিএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার নির্দেশনা দেয়ায় তিনি এই ধন্যবাদ জানান।

এছাড়া, সীমান্তে হত্যাকাণ্ডকে হালকাভাবে না দেখে অন্তর্বর্তী সরকারকে বিষয়টির গুরুত্ব দেয়ারও আহ্বান জানান মির্জা ফখরুল।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ড. ইউনূসকে তার নির্দেশনার জন্য ধন্যবাদ জানাই। তার এই নির্দেশনা অত্যন্ত ইতিবাচক। বিএনপির দাবি, আগামী নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ প্রসঙ্গে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ৩৫ শতাংশ শুল্ক আরোপ করলে পোশাক শিল্প মারাত্মক ক্ষতির মুখে পড়বে। এটি একটি বড় সমস্যা তৈরি করবে। সরকারকে এ বিষয়ে মনোযোগ দিয়ে কাজ করা উচিত।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, স্বৈরাচার চলে গেলেও তার মানসিকতা এখনো দেশে রয়ে গেছে। কিছু তরুণ নেতা বলছেন, 'এটা না হলে ওটা হবে না'-এ ধরনের কথা স্বৈরাচারের মানসিকতারই পরিচয়। ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিকদের রক্তচক্ষু দেখানো হচ্ছে, এটা কোনো গণতান্ত্রিক আচরণ নয়।

তিনি আরও বলেন, জুলাইয়ের অভ্যুত্থানের বিজয় ধরে রাখতে আরও ধৈর্য ও সহনশীলতা প্রয়োজন। জনগণ সব দেখছে, তাদের বোকা বানানো যাবে না। 'এটা না হলে ওটা হবে না'-এ ধরনের বক্তব্য দেওয়া ঠিক নয়। যারা এমন কথা বলতেন, তারা আজ আর নেই। জনগণ কখনোই এমন কথা মেনে নেয়নি, নেবেও না।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত