মুন্সীগঞ্জের শ্রীনগরে এক নারীকে ধর্ষণে ও পর্নোগ্রাফি মামলার এক আসামিকে রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তির নাম- স্বপন (৪৮), তিনি জেলার শ্রীনগর উপজেলার মথুরাপাড়া কলেজ গেট এলাকার আবুল চৌধুরীর ছেলে।
বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১০ এর মিডিয়া সেলের সহকারী পরিচালক শামীম হাসান সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি স্বপনকে গ্রেপ্তার করে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, গত ১০ জুন দিবাগত রাতে ওই নারীকে মুন্সীগঞ্জের শ্রীনগর প্রেসক্লাব সংলগ্ন একটি ঘরে ভয়ভীতি দেখিয়ে নগ্ন ভিডিও ধারণ করে। পরে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে বিচার চাইতে গেলে নারীকে স্বপন মেম্বারসহ আরও কয়েকজন মিলে মারধর ও হত্যার হুমকি দেয়। এ ঘটনায় ওই নারী আদালতে দু’টি পিটিশন দায়ের করেন। পরবর্তীতে আদালতের নির্দেশক্রমে গত ২৩ জুন শ্রীনগর থানায় মামলা রুজু করে পুলিশ।
