এসএসসি পরীক্ষার ফলাফলে প্রতি বছরের মতো এবারও ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস। এবছর ৩২০ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিয়ে শতভাগ পাসসহ শতভাগ জিপিএ ৫ পেয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) এসএসসির ফলাফল ঘোষণার পর এ তথ্য নিশ্চিত করেছেন স্কুলের প্রধান শিক্ষক মো. ইমন হোসেন।
ফলাফল ঘোষণার পর বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দ উৎসবে মেতে উঠেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন স্কুলের প্রতিষ্ঠাতা শিল্পপতি আবদুল কাদির মোল্লাসহ শিক্ষক ও অভিভাবকরা। এর আগেও একাধিকবার শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশ সেরা ফলাফল অর্জন করে এই প্রতিষ্ঠানটি।
বিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা গেছে, নাছিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে পিইসি, জেএসসি ও এসএসসিতে টানা শতভাগ পাসসহ ফলাফলের ভিত্তিতে প্রায় প্রতিবছরই বোর্ডে দেশ সেরার স্থান দখল করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৩১৭ জন ও ব্যবসায় শিক্ষা শাখার ৩ জনসহ মোট ৩২০ পরিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাসসহ ৩২০ শিক্ষার্থীই জিপিএ ৫ পেয়েছে।
পাস করা শিক্ষার্থী মিফতাহুল জান্নাত বলেন, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও দিক নির্দেশনার কারণে এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে। বিদ্যালয়ের পাশাপাশি হোম ভিজিট ও বিশেষ ক্লাসের মাধ্যমে পরীক্ষার্থীদের প্রস্তুত করা হয়েছে। যেসব শিক্ষার্থীরা বিদ্যালয়ের ক্লাসে দুর্বল তাদেরকে আলাদা নজরদারিসহ গাইড টিচারের মাধ্যমে নিয়মিত হোম ভিজিট করা হয়েছে। পাশাপাশি অভিভাবকরাও খেয়াল রেখেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমন হোসেন বলেন, কঠোর পরিশ্রম ও শৃঙ্খলাই এই সাফল্যেও মূলমন্ত্র। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মলিত চেষ্ঠায় এই দেশ সেরা ফলাফল অর্জন হয়েছে। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা ধরে রাখতে চাই।
বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল কাদির মোল্লা বলেন, শতভাগ পাসসহ দেশ সেরা ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে বিদ্যালয়টি। সারাদেশের সার্বিক ফলাফল বিশ্লেষণ করলে এ প্রতিষ্ঠানটি দেশসেরা। মফস্বল শহরে মানসম্মত শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়েই আমি ও আমার স্ত্রী নাসিমা বেগম স্কুলটি প্রতিষ্ঠা করেছিলাম। আমরা এ ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব। সার্বিকভাবে শিক্ষক, অভিভাবকসহ শিক্ষার্থীদের টানা পরিশ্রম এ সফলতা এনে দিচ্ছে।
