গাজায় ইসরায়েলি হামলা চলছেই, মৃতের সংখ্যা বেড়ে ৫৭ হাজার

আপডেট : ১১ জুলাই ২০২৫, ০৯:০৬ এএম

গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির আলোচনার মাঝেই ইসরায়েলের ভয়াবহ হামলায় একদিনে আরও ৮২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া এসব হামলায় আহত হয়েছেন বহু বেসামরিক মানুষ, যাদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে ১৫ জন প্রাণ হারিয়েছেন দেইর আল-বালাহ শহরে একটি মানবিক সহায়তা সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায়। তাদের মধ্যে ৯ জন শিশু ও ৪ জন নারী। ওই হামলায় আহত হয়েছেন অন্তত আরও ৩০ জন, যাদের মধ্যে ১৯ জন শিশু রয়েছে।

এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। সংস্থাটির নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, ‘মানুষ যখন বেঁচে থাকার তাগিদে সহায়তা নিতে যাচ্ছে, তখন তাদের হত্যা করা সম্পূর্ণ অমানবিক।’

তিনি আরও বলেন, ‘গাজায় মাসের পর মাস পর্যাপ্ত সহায়তা না পৌঁছানোর কারণে এখন শিশুরা চরম দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।’

ক্যাথরিন রাসেল ইসরাইলকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আহ্বান জানান এবং এই হামলার একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

এদিকে হামাস এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলা গাজায় ইসরায়েলি গণহত্যার ধারাবাহিকতারই অংশ। বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েল ইচ্ছাকৃতভাবে স্কুল, সড়ক, শরণার্থী শিবির ও বেসামরিক অবকাঠামোর ওপর হামলা চালিয়ে সাধারণ মানুষকে হত্যা করছে। এটি একটি পরিকল্পিত জাতিগত নিধন, যা পুরো বিশ্বের সামনেই চলছে।’

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে অতর্কিত হামলা চালিয়ে ১২০০ জনকে হত্যা ও ২৫১ জনকে জিম্মি করে। সেই ঘটনার পর থেকে ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, এ পর্যন্ত ৫৭ হাজার ৭৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ৬৫৬ ছাড়িয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত