প্রতিটি প্রশ্নে ‘বিলিভ’ বলা যেন স্বভাব হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ দলের পাকিস্তানি স্পিন কোচ মুশতাক আহমেদের। ইদানিং সংবাদ সম্মেলনে তাকে এই রূপেই দেখা যায়। ক্রিকেটারদের ঢাল হয়ে দাঁড়াতে গিয়ে শুধু বিশ্বাস করতে বলেন। শ্রীলঙ্কার কাছে প্রথম টি-টোয়েন্টিতে বাজেভাবে হারের পর তার সব ‘বিশ্বাস’ এক জায়গায় করলে যেটা দাঁড়ায় তা হলো, নিজের ওপর বিশ্বাস রেখে স্মার্ট, আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে—ইত্যাদি।
বাংলাদেশের দেওয়া টার্গেট তাড়ায় নেমে শ্রীলঙ্কার দুই ওপেনার কুশল মেন্ডিস ৫১ বলে ৭৩ আর পাথুম নিশাঙ্কা খেলেন ১৬ বলে ৪২ রানের মারকাটারি ইনিংস। ম্যাচ শেষে বাংলাদেশ দলেও একজন কুশল মেন্ডিস চাইলেন মুশতাক, ‘আমরা ভালো শুরু করেও তা ধরে রাখতে পারিনি। কুশল মেন্ডিস যেটা করে যাচ্ছে, আমাদের ব্যাটসম্যানদেরও তা–ই করা উচিত। ৩০–৪০ করে আউট না হয়ে গিয়ে ইনিংসটাকে বড় করতে হবে।’
তাকে প্রশ্ন করা হয়েছিল যে- -একাদশে চার ওপেনার কেন? জবাবে মুশতাক বলেন, ‘এটা নির্বাচক এবং টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে। আমার জানা নেই।’ আবারও প্রশ্ন যায়- শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপে উল্লেখযোগ্য সংখ্যক ডানহাতি থাকা সত্ত্বেও নাসুম আহমেদকে বসিয়ে রাখা হলো কেন? মুস্তাফিজুর রহমানকেই-বা কেন খেলানো হলো না? মুশতাক আবারও ভাঙ্গা রেকর্ড বাজিয়ে দিলেন, ‘এগুলো টিম ম্যানেজমেন্ট জানে। আমার জানা নেই।’
মিডল অর্ডারে ব্যাটসম্যানদের টুকটুক ব্যাটিং নিয়েও একটা ব্যখ্যা দাঁড় করিয়েছেন ‘বিলিভ’ কোচ, ‘এটা ভুলে গেলে চলবে না যে শ্রীলঙ্কানরা খুবই ভাল বোলিং করেছে। আর ওদের (কুশল) মেন্ডিসকে দেখুন, ভাল শুরুর পর শেষ করেছে ৭০ পেরিয়ে। আমাদের সেট ব্যাটারদের কেউ যদি এমনটা করত, তাহলে স্কোর ১৭০-র বেশি হতো। তখন ম্যাচটা অন্যরকম হতে পারত। আসলে ওরা চেষ্টা করেছে। প্রচুর শট খেলেছে কিন্তু রান হয়নি। আবারও বলছি, আপনারা কিন্তু শ্রীলঙ্কার ভাল বোলিংয়ের কথা ভুলে যাচ্ছেন! আর আমি বিশ্বাস করি, বাংলাদেশ এত খারাপ দল না। ছেলেদের সামর্থ্য আছে। ওদের ওপর বিশ্বাস রাখুন।’
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা, পাঁচে ব্রাজিল, বাংলাদেশ ১৮৪তম
১৪ বছরের সূর্যবংশীকে দেখতে দুই কিশোরীর কাণ্ড!
৫ বলে ৫ উইকেট নিয়ে আইরিশ অল-রাউন্ডারের ইতিহাস