বেলুচিস্তানে বাস থামিয়ে ৯ যাত্রীকে গুলি করে হত্যা

আপডেট : ১১ জুলাই ২০২৫, ১০:২৭ এএম

পাকিস্তানের বেলুচিস্তানে একটি বাস গতিরোধ করে অন্তত ৯ জন যাত্রীকে অপহরণ করে গুলি করে হত্যা করেছে সশস্ত্র দুর্বৃত্তরা। আজ শুক্রবার এই নৃশংস ঘটনার কথা নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট। খবর জিও নিউজ ও ডনের।

পুলিশ ও প্রশাসনের তথ্যমতে, কোয়েটা থেকে লাহোরগামী একটি যাত্রীবাহী বাস বেলুচিস্তানের ঝোব শহরের কাছে পৌঁছালে সশস্ত্র হামলাকারীরা সেটি থামিয়ে দেয়। এরপর তারা যাত্রীদের জোর করে বাস থেকে নামিয়ে আলাদা করে ৯ জনকে গুলি করে হত্যা করে।

ঝোবের সহকারী কমিশনার নাভিদ আলম জানিয়েছেন, গুলি করে হত্যার পর নিহতদের মরদেহ স্থানীয় রেখনি হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রদেশ সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ এই হামলাকে ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়ে বলেন, ‘সন্ত্রাসীরা বাস থামিয়ে যাত্রীদের টেনে নামায়, পরিচয় যাচাই করে, তারপর নির্মমভাবে নয়জন নিরীহ পাকিস্তানিকে হত্যা করে।’

তিনি আরও জানান, ঘটনার পরপরই গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং সন্ত্রাসীদের ধরতে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

এদিকে পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডনের বরাতে জানা যায়, এই হামলার দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ)। সংগঠনটির এক মুখপাত্র দাবি করেছেন, মুসাখাইল-মাখতার এবং খাজুরি হাইওয়েতে অবরোধের পর তারা নয়জনকে হত্যা করেছে।

বেলুচিস্তানে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী তৎপরতা চলছে। অঞ্চলটির স্বাধীনতার দাবিতে লড়াইরত কয়েকটি সশস্ত্র গোষ্ঠী প্রায়ই নিরাপত্তা বাহিনী ও বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত