নেইমারের গোল, রবিনহোর ছেলের অ্যাসিস্ট, সান্তোসের জয়

আপডেট : ১১ জুলাই ২০২৫, ১২:০২ পিএম

চোটের কারণে ইদানিং মাঠের বাইরেই বেশি থাকেন নেইমার। কবে তিনি মাঠে ফিরবেন তা কেউই হয়তো জানে না। যাই হোক, নিজ দেশের ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তি নবায়নের পর মাঠে নেমেই গোল করলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। একই ম্যাচে অভিষেক হয়েছে ব্রাজিল কিংবদন্তি রবিনহোর ছেলে রবিনহো জুনিয়রের। দেসপোর্তিভা ফেরোভিয়ারিয়া বিপক্ষে প্রীতি ম্যাচটি সান্তোস জিতেছে ৩–১ গোলের বড় ব্যবধানে।

কারিয়াসিকার ক্লেবের আন্দ্রাদে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুর একাদশে ছিলেন নেইমার। যথারীতি শুরু থেকেই তাকে কড়া ট্যাকল করে যাচ্ছিলেন প্রতিপক্ষের খেলোয়াড়েরা। এর মাঝেই তিনি দেখিয়েছেন নিজের ঝলক। ম্যাচের ২০ মিনিটে ট্রেডমার্ক পেনাল্টি শটে দলের প্রথম গোলটা করেন। সান্তোসে যোগ দেওয়ার পর এটি নেইমারের চতুর্থ গোল। ৩১ মিনিটে তার অ্যাসিস্টেই ব্যবধান বাড়ান গিয়ের্মে।

বিরতির পর নেইমার আর মাঠে ফেরেননি। তার বদলি হিসেবে মাঠে নামেন পাদুলা। অন্যদিকে ১৭ বছর বয়সী রবিনহো জুনিয়র বাবার ৭ নম্বর জার্সি পরেই সান্তোসের মূল দলের হয়ে নিজের প্রথম ম্যাচ খেলেছেন। দিয়েগো পিতুচার গোলে অ্যাসিস্টও করেছেন। দর্শকেরা একাধিকবার মাঠে ঢুকে পড়ায় দ্বিতীয়ার্ধের ৪০ মিনিটেই ম্যাচ থেমে যায়। স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়েন সান্তোসের ফুটবলাররা।

খেলার পর সাংবাদিকদের নেইমার বলেন, ‘এ ধরনের প্রীতি ম্যাচ খেলার গুরুত্ব হচ্ছে ছন্দে ফেরা। আমরা বেশ কিছুদিন খেলার বাইরে ছিলাম। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে আবার শুরু করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এখন অনেক ভালো অনুভব করছি। যখন প্রথম এসেছিলাম, তখনকার সঙ্গে এখনকার তুলনাই হয় না। ধীরে ধীরে শারীরিকভাবে উন্নতি করছি, ভালো লাগছে। আর এটা আমাকে আনন্দও দিচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত