সাকিবকে কেন ‘ড্যাডি অব অল-রাউন্ডার’ বলা হচ্ছে?

আপডেট : ১১ জুলাই ২০২৫, ১০:৪৭ এএম

পাল্লেকেলেতে বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলতে নেমেছিল বাংলাদেশ জাতীয় দল; কিন্তু বেশিরভাগ ক্রিকেটপ্রেমীর নজর ছিল গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। কারণ এই মাঠেই গ্লোবাল সুপার লিগ খেলতে নেমেছিলেন সুপারস্টার সাকিব আল হাসান। দুবাই ক্যাপিটালসের হয়ে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই তিনি যে পারফর্মেন্স দেখালেন, তাতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল একটাই কথা- ‘ড্যাডি অব অল-রাউন্ডার’।

সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে ম্যাচটিতে ব্যাট হাতে সাকিব খেলেছেন ৩৭ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস। প্রথম বলেই রিভার্স সুইপে চার মেরে তিনি নিজেকে জানান দেন, যে তিনি এখনো ফুরিয়ে যাননি। তাকে বাতিল করে দেওয়া এত সহজ নয়। পরে আরও ছয়টি চার এবং একটি ছক্কা হাঁকান। ক্রিজের একপ্রান্ত আগলে সাকিব যখন ঝড় তুলেছেন, অন্যপ্রান্তে দেখা গেছে আসা-যাওয়ার মিছিল। ওপেনার সেদিকুল্লাহ আতাল (৪১) ছাড়া আর কেউ ত্রিশের ঘরেও যেতে পারেননি।

ব্যাট হাতে ঝড় তোলার পর বল হাতেও সাকিব দেখান নিজের অল-রাউন্ড কারিশমা। ৪ ওভারে একটি মেডেনসহ মাত্র ১৩ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। সেন্ট্রাল ডিস্ট্রিক্টস আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। ২২ রানে ম্যাচ জিতে নেয় দুবাই ক্যাপিটালস। ম্যাচসেরার পুরস্কার জিতে নেন সাকিব। এই অসাধারণ পারফরমেন্সে তিনি যেন প্রমাণ করে দেন, কেন বছরের পর বছর ধরে তিন ফরম্যাটে বিশ্বের এক নম্বর অল-রাউন্ডার ছিলেন।

সাকিবের এই পারফরমেন্সের কারণে জাতীয় দলের জঘন্য পারফর্মেন্স আড়ালেই পড়ে গেছে। মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার সব আলো কেড়ে নিয়েছেন সাকিব। তাকে বলা হচ্ছে ‘ড্যাডি অব অল-রাউন্ডার’ বা ‘অল-রাউন্ডারদের বাপ’। ২০২৩ সালে সাকিবকে নিয়ে এমন মন্তব্য করেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার তথা ধারাভাষ্যকার আকাশ চোপড়া। গতকাল রাত থেকে আকাশ চোপড়ার সেই মন্তব্যই ঘুরে বেড়াচ্ছে ক্রিকেটপ্রেমীদের মুখে মুখে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত