চাঁদপুরে মসজিদে ইমামকে কুপিয়ে জখম

আপডেট : ১১ জুলাই ২০২৫, ০৮:২৯ পিএম

চাঁদপুর শহরে জুমার নামাজের সময় মসজিদের খতিব আনম নূর রহমান মাদানীকে কুপিয়ে আহত করেছে এক মুসল্লি। শুক্রবার প্রফেসর পাড়া এলাকায় মোল্লাবাড়ি মসজিদে এই ঘটনা ঘটে। এ ঘটনায় বিল্লাল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ সোপর্দ করেছে স্থানীয় মুসল্লিরা। আহত ইমাম গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

আহত খতিব মাওলানা আ ন ম নূর রহমান মাদানী চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ গুনরাজদি এলাকার মৃত মাওলানা জামাল উদ্দিন ছেলে। তিনি প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদের প্রতিষ্ঠাতা ইমাম। 

আটক মো. বিল্লাল হোসেন (৫০) শহরের বকুলতলা এলাকার বাসিন্দা।

মাওলানা নূর রহমান মাদানীর ছেলে আফনান তাকি বলেন, ‘আমি জানতে পেরেছি নবী করীম (সা.) কোন এক বিষয় নিয়ে বিল্লাল হোসেন জুমা শেষে সরাসরি মসজিদে ঢুকে আমার বাবাকে ধারালো অস্ত্রদিয়ে মাথায় আঘাত করেন। মূলত কি কারণে ওই ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছেন বুঝতে পারছি না।

প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুব হাসান বলেন, ‘হুজুরের জুমার নামাজের বয়ান শেষে বিল্লাল কোনো একটি বিষয় নিয়ে কথা বলতে চেয়েছেন। কিন্তু মুসল্লিরা তাকে কথা বলতে দেয়নি। পরে সে নামাজে বসে গেছে। নামাজ শেষে হুজুর বের হওয়ার সময় বিল্লাল চাপাতি নিয়ে মাথায় আঘাত করে। আকিদাগত বিষয় নাকি ধর্মীয কোনো আলোচনা নিয়ে হামলা করেছে সেটা বলতে পারছি না।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সৈয়দ আহমদ কাজল বলেন, কানের গোড়ালিতে চাপাতি দিয়ে কোপ দেওয়ায় সেলাই লেগেছে ১২টি। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

আটক বিল্লাহ হোসেন বলেন, ‘আমার দৃষ্টিতে খতিব নবীজি (সা.) কে অপমান করেছেন। তাই আঘাত করেছি।’ তবে আহত খতিব নূর রহমান মাদানী এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া জানান, হামলার ঘটনায় আসামি বিল্লাককে আটক করা হয়েছে। আমরা তদন্তপূর্বক ব্যবস্থা নিচ্ছি। এ বিষয়ে মসজিদ কমিটির পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত