মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনায় আরও এক আসামি গ্রেপ্তার

আপডেট : ১২ জুলাই ২০২৫, ১২:১৪ পিএম

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) এলাকায় প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যার ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট পাঁচজনকে আটক করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামি মো. টিটন গাজীকে কোতয়ালী থানা পুলিশ আটক করেছে। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত জানানো হবে।

এর আগে, পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) অভিযান চালিয়ে মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিন (২২) সহ চারজনকে গ্রেপ্তার করে। তারেকের কাছ থেকে একটি বিদেশি পিস্তলও জব্দ করা হয়েছে।

গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে একদল দুর্বৃত্ত পাথর ও ধারালো অস্ত্র দিয়ে সোহাগকে নির্মমভাবে হত্যা করে। ঘটনাস্থলে পৌঁছে কোতয়ালী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহতের বোনের করা মামলার ভিত্তিতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করে পুলিশ।

ডিসি তালেবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্বশত্রুতাকে হত্যার কারণ বলে মনে করা হচ্ছে। বাকি জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত