জাতীয় নাগরিক পাটি-এনসিপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, আমরা প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় গিয়েছি, তার মানে এই নয় যে, আপানার যত অপরাধ আছে সেই অপরাধের খাতা লুকিয়ে রেখে সামনে বাড়বো। বাংলাদেশে যদি ঐক্য হতে হয় তাহলে বিএনপিকে মুসলেকা দিতে হবে- ‘বাবা ভুল করেছি, মাফ করে দাও, আমি গণরায় বাস্তবায়ন করবো।’ সোমবার (২৩ নভেম্বর) চট্টগ্রামে এনসিপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, তলোয়ারের সাথে গর্দানের কোন সংলাপ চলবেনা বাংলাদেশে। জুলাই সনদের ভিত্তিমূল হবে বাংলাদেশে ঐক্যর চাবিকাঠি। বাংলাদেশে আমরা যতদিন জীবিত থাকবো শহীদ ওসমান হাদীর ত্যাগ, জুলাই হত্যাকান্ডের বিচার ও ভারতীয় আধিপত্যবাদের বিরূদ্ধে লড়াই চলবে।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, আমাদেরকে সংলাপের মূলা ঝুলাবেন না, আমরা রক্তের মধ্য দিয়ে বড় হয়েছি। এই নিউ মার্কেট সাক্ষী আছে, আমাদের অসংখ্য ভাই শহীদ হয়েছে, অসংখ্য ভাইয়ের চোখ চলে গিয়েছিল, হাত হারিয়েছিল। এই চট্টলা থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। আমরা সেই চট্টলায় দাঁড়িয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরূদ্ধে দ্বিতীয় স্বাধীনতার ডাক দিচ্ছি। যতদিন সময় যাচ্ছে ততদিন শহীদ ওসমান হাদী প্রাসঙ্গিক হচ্ছে। ওরা মনে করেছে শহীদ ওসমান হাদীকে খুন করে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ কায়েম করতে পারবে। তোমরা দেখে যাও লাখো শহীদ ওসমান হাদীর ভাইয়েরা বোনেরা রাজপথ দখল করে আছে এখনো।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যখন আমরা স্বৈরাচারী শেখ হাসিনাকে বিদায় করেছি, এর পরে শহীদ ওসমান হাদী ভারতীয় আধিপত্যবাদের বিরূদ্ধে দ্বিতীয় জুলাইয়ের ডাক দিয়েছিলেন। সেই ডাকের সাথে ঐক্যবদ্ধ হয়ে নতুন করে আমাদের ব্যারিকেড করতে হবে। যদি গঙ্গায় পানি না আসে, বাংলাদেশে কোন ভারতীয় পণ্য চলবে না, বাংলাদেশে কোন ভারতীয় কাজ করতে পারবেনা। সরকারকে অনুরোধ জানাবো, আপনি একদিকে ভারতের বিরোধিতা করবেন আরেকদিকে গার্মেন্টস সেক্টর ভারতের কাছে তুলে দিবেন, শহীদ ওসমান হাদীর খুনীদের বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন না, আমরা এই ধরণের কুসুম কুসুম পররাষ্ট্রনীতি বাংলাদেশে দেখতে চাইনা।
তিনি বলেন, যদি বিএনপি মনে করে আলোচনার দ্বার তো উন্মোচন করেছি, এখন গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবেনা, গণহত্যার বিচার করতে হবেনা- প্রিয় তারেক রহমান শুনে রাখুন- লাখো তরুন এখনো রাজপথে এখনো জীবিত আছে, আপনার মসনদের কাছে গিয়ে গণভোটের গণরায় তারা বাস্তবায়ন করে ছাড়বে। আমরা শহীদ ওসমান হাদী হত্যাকান্ডের বিচারের কথা বলেছি, গণভোটের গণরায় বাস্তবায়নের কথা বলেছি। বিএনপি আমাদের কথা শোনেনি, শোনেছে আওয়ামী লীগের কথা। ওরা আওয়ামী লীগের সাথে ব্যবসা বাণিজ্য করতে করতে একটা পর্যায়ে জিয়াউর রহমানের পরিস্থিতির দিকে বাংলাদেশ চলে যাচ্ছে। জিয়াউর রহমান আওয়ামী লীগকে সুযোগ দিয়েছিল। সেই সুযোগের বদলে জিয়াউর রহমানকে তারা খুন করেছিল। তারেক রহমানকে আহ্বান জানাবো আপনার বাপ যে ভুল করেছে আপনি ওই ভুল করবেন না।
সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর এবং জুলাই গণহত্যার বিচার তরান্বিত করা ও গঙ্গা চুক্তিতে বাংলাদেশে ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জাওয়াদুল করিমের সঞ্চালনায় সমাবেশে দলের যুগ্ম আহ্বায়ক সালেহ উদ্দিন সিফাত, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।