ঠাকুরগাঁও ও সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ জন নিহত

আপডেট : ১২ জুলাই ২০২৫, ০৩:২৮ পিএম

ঠাকুরগাঁও ও সুনামগঞ্জের সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত হয়েছে। শুক্রবার (১২ জুলাই) দিবাগত রাত সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি সীমান্তে এবং শনিবার (১২ জুলাই) ভোরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে পৃথক এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম (৪৫) এবং ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার জীবনপুর গ্রামের কানুরার ছেলে আসকর আলী (২৪)।

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, শনিবার ভোর আনুমানিক চারটার দিকে আসকর আলীসহ কয়েকজন মিনাপুর সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার কাছে যান। এ সময় বিএসএফের কিষাণগঞ্জ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে আসকর আলী ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান। তার মরদেহ ভারতের প্রায় ২০০ গজ অভ্যন্তরে পড়ে আছে বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ভারতের সীমান্তেও অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েন রয়েছে বলে জানা গেছে।

অপরদিকে শুক্রবার রাতে দোয়ারাবাজারের বাগানবাড়ি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে গরু আনতে যায় শফিকুল ইসলাম নামে ওই চোরাকারবারি। তখন ভারতীয় বিএসএফ বিষয়টি দেখতে পেয়ে তাকে লক্ষ করে গুলি চালালে সেই গুলিতে শফিকুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত