বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জুলাই অভ্যুত্থানের বার্ষিকীতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। গণতন্ত্র এবং রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের চেতনাকে আরও শাণিত করার আহ্বান জানিয়েছে উদীচী।
আজ শনিবার সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভায় এ আহ্বান জানানো হয়। ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলমের সভাপতিত্বে তোপখানা সড়কের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় রিপোর্ট উত্থাপন করেন সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন।
ফ্যাসিবাদ ও স্বৈরাচারের অবসান এবং গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে নতুন ধারার সাংস্কৃতিক জাগরণ গড়ে তোলার আহ্বান জানানো হয়। সারা দেশের বিভিন্ন জেলা থেকে আগত কেন্দ্রীয় সদস্যদের উপস্থিতিতে সভায় মব সন্ত্রাসসহ খুন-ছিনতাই, হিংসা-হানাহানি, নারী নিপীড়ন, চাঁদাবাজি বন্ধ করতে না পারায় সরকারের তীব্র সমালোচনা করা হয়। এতে জরুরি ও প্রয়োজনীয় সংস্কারের গতি জোরদার করে সুষ্ঠু , অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখার আহ্বান জানানো হয়।
সভায় সম্প্রতি মিডফোর্ড হাসপাতালের গেইটে ভাংগারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যা, চাঁদপুরে মসজিদের খতিব মওলানা নুরুর রহমানকে কুপিয়ে জখম করা এবং খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক নেতা মাহবুবুর রহমান মোল্লাকে গুলি করে ও রগ কেটে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করা হয়।
সভায় গণঅভ্যুত্থানের বার্ষিকীতে উদীচীর আয়োজনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয় এবং গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের যৌথ আয়োজনে কর্মসূচি সফল করার লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী ২৬ জুলাই কারফিউ ভেঙ্গে গানের মিছিলের বার্ষিকীতে দেশের সকল জেলায় উদীচীর উদ্যোগে গানের মিছিল, আবৃত্তি, নৃত্য, নাটক, তথ্যচিত্র প্রদর্শনী ও স্মৃতিচারনের মধ্য দিয়ে দিবসটি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। কেন্দ্রীয়ভাবে ঢাকায় গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আয়োজনে দিবসটি পালিত হবে।
১ আগস্ট উদীচীর আয়োজনে ঢাকায় কেন্দ্রীয়ভাবে গণঅভ্যুত্থানের বার্ষিকীতে আায়োজিত হবে অনুষ্ঠানমালা। অনুষ্ঠানমালায় থাকবে আলেখ্যানুষ্ঠান, স্ট্রিট পারফর্মেন্স, তথ্যচিত্র ও গ্রাফিতি প্রদর্শনী। এ ছাড়া ৩০ জুলাই শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে সেমিনার আয়োজন করবে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য।
সভায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে হাবিবুল আলমকে এবং কোষাধ্যক্ষ হিসেবে পারভেজ মাহমুদকে দায়িত্ব দেওয়া হয়। এ ছাড়া সম্পাদকমন্ডলীতে সহসভাপতি হিসেবে ডা. অভিজিৎ দাশ জয়, অধ্যাপক দেবাশীষ দেব, সেতারা বেগম, অ্যাড. তবারক হোসেইন, জসিম চৌধুরী সবুজ ও তাহমিনা ইয়াসমিন নীলাকে দায়িত্ব দেওয়া হয়। রুমী দে, মঞ্জুর মোর্শেদ মিল্টন, একরাম হোসেন, সজিব তানভীর ও মীর সাখাওয়াতকে সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
সভায় কেন্দ্রীয় নেতাদের জেলা সফর, জাতীয় পরিষদ সভা, বিভাগীয় কমিটির সভা, প্রতিষ্ঠাবার্ষকী উদযাপনসহ তিনমাসের সাংগঠনিক কর্মসূচি চূড়ান্ত করা হয়।