ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে এমন কোনো পারমাণবিক চুক্তির ধারণাকে সমর্থন করেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানি কর্মকর্তাদের এ কথা জানিয়েছেন বলে সূত্রের বরাতে জানিয়েছে অ্যাক্সিওস।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মূলত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টিই ইরানের সঙ্গে পরমাণু চুক্তির বড় বাঁধাগুলোর একটি।
ইরান বারবার তার ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার রাখার ওপর জোর দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দৃঢ়ভাবে চায় তেহরান পুরোপুরি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করুক।
তবে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম ওই প্রতিবেদন অস্বীকার করেছে। তারা এক ‘সংশ্লিষ্ট সূত্রের’ বরাতে জানিয়েছে, এ বিষয়ে পুতিন ইরানে কোনো বার্তা পাঠাননি।
