কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০১:১৬ এএম

রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে বিএনপি। শনিবার (১২ জুলাই) দিবাগত রাত পৌনে ১টার দিকে এ বিক্ষোভ করে দলটি।

বিক্ষোভে নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিক্ষোভের আগে ককটেল হামলার প্রতিবাদে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তিনি।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। এটা হাসিনার কাজ। থেমে থেমে বোমা ফোটান। চোরের মতো ককটেল ফাটিয়ে লাভ নেই। হাসিনা ১৬ বছরেও দমাতে পারেনি।

প্রকাশ্যে না দেখলেও আন্দাজ করতে পারি উল্লেখ করে তিনি বলেন, আমাদের রাজনীতির দর্শন হচ্ছে স্বাধীনতার চেতনা। এ দর্শন বিএনপির সকল নেতাকর্মীর রক্তে প্রবাহিত। একাত্তরে আমাদের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষণা, তেমনি বেগম খালেদা জিয়া এরশাদের মতো গণতন্ত্র হত্যাকারীর হাত থেকে গণতন্ত্র রক্ষা করেছেন। এবং ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে জনতাকে সংগঠিত করেছে তারেক রহমান। সেই দলকে ভয় দেখাবেন।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, অনেক ঘটনায় দেখা যাচ্ছে রাষ্ট্রের গভীর থেকে পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। পানি ঘোলা করে লাভ নেই।

জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করা যাবে না। দুই একটা ককটেল মেরে বিএনপিকে ভয় দেখাবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে রাত ১০টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আধা ঘণ্টার ব্যবধানে পুলিশের উপস্থিতিতে ককটেল ছুঁড়ে মারে দুষ্কৃতিকারীরা। এসময় বিকট শব্দে কেঁপে উঠে ওই এলাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত