বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (১৩ জুলাই) রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে 'তারেক রহমান: দ্যা হোপ অব বাংলাদেশ' বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, বিএনপি বারবার প্রমাণ করেছে, ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে পারে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর অনেকেই ভেবেছিল বিএনপি শেষ। কিন্তু দলটি খালেদা জিয়ার নেতৃত্বে আবারও জেগে উঠেছে।
তিনি আরও বলেন, বর্তমানে যে অপপ্রচার চলছে, এর পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। লক্ষ্য হলো বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করা এবং তারেক রহমানের নেতৃত্বকে নিশ্চিহ্ন করা। এটা মনে রাখতে হবে।
বড় পরিসরে জাতীয়তাবাদীদের সাইবার যুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির ওপর পরিকল্পিতভাবে সাইবার হামলা করা হচ্ছে। এবার বাদ যায়নি তারেক রহমানও, যা খুবই উদ্বেগ্নজনক। এখন যে আক্রমণ করা হচ্ছে তা খুবই পরিকল্পিত চক্রান্ত। এসময় তারেক রহমানের ওপর দীর্ঘ নিপীড়নের পরও আপোষহীন মনোভাবের কথা তুলে ধরেন ফখরুল।
অনুষ্ঠানে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
