চট্টগ্রাম বন্দরে ড্রাইডক লিমিটেডের পরিচালনার প্রথম সাত দিনে বৃদ্ধি পেয়েছে এনসিটি (নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল) কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম। গত ৭ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। প্রতিদিন গড়ে ২২৫ টিইইউ (বিশ-ফুট সমতুল্য ইউনিট) কন্টেইনার হ্যান্ডলিং বেশি হয়েছে।
রবিবার (১৩ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালটি দীর্ঘদিন সাইফ পাওয়ারটেক লিমিটেড কর্তৃক পরিচালিত হয়ে আসছিল। গত ৬ জুলাই ওই প্রতিষ্ঠানের সঙ্গে বন্দরের চুক্তি মেয়াদ শেষ হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ৭ জুলাই তারিখ থেকে এনসিটি টার্মিনালের দায়িত্ব গ্রহণ করে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড।
৭ থেকে ১৩ জুলাই পর্যন্ত ৭ দিনে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড কর্তৃক ১০টি জাহাজের কনটেইনার লোডিং-আনলোডিং সফলভাবে সম্পন্ন করা হয়েছে। বর্তমানে এনসিটি’র চার জেটিতে একযোগে চারটি জাহাজে অপারেশন চলছে।
পূর্ববর্তী ৭ দিনে (১ থেকে ৬ জুলাই) সাইফ পাওয়ারটেক লিমিটেড প্রতিদিন গড়ে দুই হাজার ৯৫৬টি ইইউএস কনটেইনার হ্যান্ডলিং করেছে। পরবর্তী ৭ দিনে (৭ জুলাই থেকে ১২ জুলাই) চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড কর্তৃক প্রতিদিন গড়ে ৩ হাজার ১৮১টি ইইউএস কনটেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়েছে।
