নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৭:৫১ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক যুবকের পা উড়ে গেছে। রবিবার (১৩ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম মো. হোসেন (৩৩)। তিনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলুদিয়া পালং ইউনিয়নের পাড়া পাতাবাড়ি গ্রামের বাসিন্দা বাঁচা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দুপুরে নিকুছড়ি সীমান্তের ৪২ ও ৪৩ নম্বর পিলারের মাঝামাঝি এলাকায় বাঁশ কাটতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে তার বাম পা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায়।

দুপুরে সীমান্তের কাছাকাছি লোকজন বিস্ফোরণের শব্দ শুনতে পান। এরপর সীমান্ত পিলারের মাঝামাঝি গিয়ে দেখেন আহত অবস্থায় হোসেন পড়ে রয়েছেন। তার ডান পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে স্থানীয় বাসিন্দারা মো. হোসেনকে উদ্ধারের পর রোহিঙ্গা আশ্রয় শিবিরে থাকা একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতের মামা জসিম উদ্দিন জানান, বাঁশ কাটতে গিয়েই আকস্মিক বিস্ফোরণ ঘটে। তখনই হোসেনের পা উড়ে যায়। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্তবর্তী এলাকাগুলোর নিরাপত্তা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত