বিএনপি বাজারে শেকৃবির শিক্ষার্থীদের মারধর, উত্তপ্ত ক্যাম্পাস

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৮:৪৪ এএম

রাজধানীর আগারগাঁওয়ের বিএনপি বাজারে মাছ কেনাকে কেন্দ্র করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল রবিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনায় আরও কয়েকজন শিক্ষার্থী আহত হন।

ঘটনার সূত্রপাত হয়, যখন শেকৃবির দুই শিক্ষার্থী বাজার থেকে টেংরা মাছ কিনে বুঝতে পারেন, তাদের সঙ্গে প্রতারণা করে বিক্রেতা পুঁটি মাছ দিয়ে দিয়েছেন। বিষয়টি নিয়ে তারা প্রতিবাদ করলে দোকানির সঙ্গে তাদের কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আশপাশের দোকানদাররা এগিয়ে এসে শিক্ষার্থীদের ওপর চড়াও হন এবং এক শিক্ষার্থীর মাথা ফাটিয়ে দেন।

পরে খবর পেয়ে শেকৃবির কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে ছুটে গেলে তাদেরও আক্রমণের শিকার হতে হয়। দোকানদাররা একজন শিক্ষার্থীকে জিম্মি করে রাখে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে শেরেবাংলা নগর থানায় নিয়ে যায়।

এ খবর ক্যাম্পাসে পৌঁছালে রাত পৌনে ১১টার দিকে কয়েকশো শিক্ষার্থী ক্যাম্পাস থেকে মিছিলসহকারে বিএনপি বাজারে যায় এবং সেখানে থানা ঘেরাও করে। এ সময় বাজার এলাকার বেশ কয়েকটি দোকানে ভাঙচুর হয়, আতঙ্কে দোকানিরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যান।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনী ও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আটকে রাখা শিক্ষার্থীকে উদ্ধার করেন। শিক্ষার্থীরা এ সময় হামলায় জড়িত ব্যবসায়ীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শেরেবাংলা নগর থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত