রাজধানীর রমনা এলাকার ইস্পাহানী কলোনির ‘দ্য ওয়েসিস’ ভবনের একটি ফ্ল্যাট থেকে সুফিয়া (১০) নামের এক শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে নবম তলার একটি ফ্ল্যাটের বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজের মর্গে।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম জানান, নিহত সুফিয়ার বাড়ি সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলায়। তার বাবার নাম জামাল উদ্দিন। পুলিশ জানায়, ফ্ল্যাটটির বাথরুমের ভেতর দরজা বন্ধ করে ঝর্ণার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। পরে দরজা খুলে ভেতরে ঢুকে সুফিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, যে বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেখানে এক চিকিৎসক পরিবারসহ বসবাস করেন। সেই বাসায় গত ৮ মাস ধরে গৃহকর্মীর কাজ করছিল সুফিয়া। রবিবার ওই চিকিৎসক দম্পতি কক্সবাজার বেড়াতে যান। তখন বাসায় ছিলেন সুফিয়াসহ আরও দুই গৃহকর্মী, একজন গাড়িচালক এবং গৃহকর্তার মেয়ে।
এসআই জাহিদুল ইসলাম আরও জানান, ভোরে বাথরুমের দরজা বন্ধ দেখতে পেয়ে অন্য গৃহকর্মীরা ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে পরে থানায় খবর দেয়। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসেবে দেখা হলেও তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।
পুতিন সুন্দর কথা বলেন, তারপর সন্ধ্যায় বোমা মারেন: ট্রাম্প