মির্জা ফখরুল

২০২৬ সালের ফেব্রুয়ারিতেই নির্বাচন, এর ব্যতিক্রম হবে না

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৭:১২ পিএম

২০২৬ সালের ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এতে কোনো ব্যতিক্রম হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকেই এ সিদ্ধান্ত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, মিটফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক মহল ও চক্র দেশের রাজনীতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এটি নতুন ষড়যন্ত্র। যখনই বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াতে চেয়েছে, তখনই ষড়যন্ত্রকারীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে।

তিনি অভিযোগ করেন, ষড়যন্ত্রকারীরা চেষ্টা করছে বাংলাদেশে যেন নির্বাচন না হয় এবং মানুষ যেন ভোটাধিকার প্রয়োগ করতে না পারে। তারেক রহমান সম্পর্কে অশ্লীল ভাষায় মন্তব্য ও স্লোগান দিয়ে তারা ভেবেছিল বিএনপি দমে যাবে। কিন্তু বিএনপি বারবার সব চ্যালেঞ্জ মোকাবিলা করে ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়িয়েছে।

নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়ে তিনি বলেন, আমরা যেন কারও পাতা ফাঁদে পা না দেই। তারা আমাদের উত্তেজিত করে তাদের পাতা ফাঁদে ফেলতে চাইছে। আমরা উত্তেজিত না হয়ে শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্র চাই। নেতাকর্মীদের ধৈর্য ধরে সব পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত