দেশে পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রমে অবদান রাখায় চার কর্মী ও ছয় প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পুরস্কারে ভূষিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
আজ সোমবার (১৪ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের সনদ ও ক্রেস্ট দেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান উপস্থিত ছিলেন।
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ যারা: জাতীয় পর্যায়ে ১০ শ্রেষ্ঠর মধ্যে চারজন কর্মী রয়েছেন। আর ছয়টি প্রতিষ্ঠানের মধ্যে দুটি রয়েছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা।
চারজন কর্মী হলেন—গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পরিবার কল্যাণ সহকারী মেহেরুননেছা মিতু, কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা মিতা বড়ুয়া, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক হাসান আলী ও নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. মোজাম্মেল হক।
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলো হলো—নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়ন পরিষদ, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ এবং মাদারীপুর সদর উপজেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্র।
বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে কমিউনিটি বেসড ডিস্ট্রিবিউশন (সিবিডি) ভিত্তিক সংস্থা এডামস এবং ক্লিনিকভিত্তিক সংস্থা মমতা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের পুরস্কার পেয়েছে।
