সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের আন্দোলন রূপ নিয়েছিল গণ-অভ্যুত্থানে। গত বছরের ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘রাজাকারের নাতিপুতি’ বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোটাবিরোধী আন্দোলন ভিন্ন রূপ নেয়।
সেদিন বিক্ষোভে ফেটে পড়া সেই শিক্ষার্থীদের কণ্ঠে ছিল প্রতিবাদের সুর। হাসিনার সেই ‘রাজাকারের নাতিপুতি’ বক্তব্যের জবাবে শিক্ষার্থীরা পাল্টা স্লোগান ধরে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’।
সেই ১৪ জুলাই রাতের ঘটনাপ্রবাহ স্মরণে আজ সোমবার (১৪ জুলাই) কেন্দ্রীয় শহীদ মিনারে ছিল নানা আয়োজন। ‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম’ প্রতিপাদ্যে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা ও ড্রোন শো আয়োজন করা হয়েছে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এই অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। শিল্পকলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ এবং জনপ্রিয় শিল্পী সায়ান সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন করেন। এরপর সায়ান এককভাবে পরিবেশন করেন গণসংগীত ও জনপ্রিয় সংগীত।
