পোশাকশিল্পে মালিক-শ্রমিক একসঙ্গে কাজ করার অঙ্গীকার

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১২:১১ এএম

স্থিতিশীল শ্রম পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে আইনবহির্ভূত দাবি বা যেকোনো দাবি আদায়ের নামে কিংবা তুচ্ছ ঘটনার জেরে রাস্তা অবরোধ না করার জন্য পোশাক খাতের শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছে দেশের তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। ১৩ জুলাই রাজধানীর উত্তরার বিজিএমইএ কার্যালয়ে আইবিসিভুক্ত শ্রমিক ফেডারেশন প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এমন আহ্বান জানান সংগঠনের নেতারা। এ বিষয়ে আইবিসিভুক্ত শ্রমিক ফেডারেশনগুলোর সহযোগিতাও চাওয়া হয়েছে। পোশাকশিল্পে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন তারা। গতকাল সোমবার বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজিএমইএ জানিয়েছে, পোশাকশিল্পের সার্বিক কার্যক্রম মসৃণভাবে পরিচালনার স্বার্থে সুষ্ঠু আইনশৃঙ্খলা ও স্থিতিশীল শ্রম পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এ খাতের সব শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করার উদ্যোগ নিয়েছে বিজিএমইএ। এরই অংশ হিসেবে আইবিসিভুক্ত শ্রমিক ফেডারেশন প্রতিনিধিদের সঙ্গে রবিবার বৈঠক করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় বিজিএমইএ ও আইবিসিভুক্ত শ্রমিক ফেডারেশনগুলো কীভাবে একসঙ্গে কাজ করে পোশাকশিল্পকে এগিয়ে নিতে পারে, দেশ ও বিদেশে শিল্পের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে এবং শ্রমিকদের আইনসংগত সমস্যাগুলো সমাধান করতে পারে, তা নিয়ে আলোচনা হয়।

সভায় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান পোশাকশিল্পের শ্রমিকদের জন্য সংগঠনের বর্তমান বোর্ড কর্তৃক গৃহীত উদ্যোগগুলোর বিষয়ে শ্রমিক ফেডারেশনের নেতাদের অবহিত করেন। এসব উদ্যোগের মধ্যে রয়েছে গাজীপুর, আশুলিয়া ও সাভারে আঞ্চলিক অভিযোগ নিষ্পত্তি সেল স্থাপন, গার্মেন্টস অধ্যুষিত এলাকায় শ্রমিকদের জন্য হাসপাতাল নির্মাণ এবং তাদের জন্য ফুড রেশনিং ব্যবস্থা চালু ইত্যাদি।

এ ছাড়া কারখানার অভ্যন্তরে শ্রমিকদের ইস্যুগুলো তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির লক্ষ্যে বিজিএমইএ মিড লেভেল ম্যানেজমেন্টকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।

সভায় এসব উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়নে সুনির্দিষ্ট প্রস্তাব পেশ ও সহযোগিতা দেওয়ার জন্য আইবিসিভুক্ত শ্রমিক ফেডারেশনগুলোর প্রতি অনুরোধ জানানা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিএমইএর এসব উদ্যোগকে স্বাগত জানিয়ে সভায় শ্রমিক ফেডারেশনের নেতারা বলেন, এসব পদক্ষেপ বাস্তবায়নে সংগঠনগুলো শিগগিরই নিজ নিজ প্রস্তাবনা পাঠাবে।

কারখানার অভ্যন্তরে শ্রমিকদের ইস্যুগুলো তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির বিষয়ে শ্রমিক নেতারা একমত পোষণ করে বলেন, প্রশিক্ষণ প্রদানের পর এগুলো ফলোআপ ও মনিটরিং করা জরুরি।

সভা শেষে পোশাকশিল্পে সুষ্ঠু ও স্থিতিশীল শ্রম পরিবেশ বজায় রাখার বিষয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে উভয় পক্ষ।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় সংগঠনের সহসভাপতি মো. রেজোয়ান সেলিম ও পরিচালক আসেফ কামাল পাশা, বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফেডারেশনের (বিএনটিইউএফ) সভাপতি জেড এম কামরুল আনাম, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমীন, বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত