আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার ৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে হাফেজ কারী নেছার আহমদ আন-নাছিরী, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে মাওলানা গাজী নিয়াজুল করীম, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে মুফতি জসিম উদ্দিন ও ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে অধ্যাপক মাহবুবুর রহমান নির্বাচনে প্রার্থী হবেন।
প্রার্থীরা ইতোমধ্যে এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন। দলের পক্ষ থেকে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করা হয়। এ সময় বক্তারা মিটফোর্ডের ঘটনা কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে বড় দল হিসেবে বিএনপি দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলনের ব্রাহ্মণবাড়িয়া জেলার সেক্রেটারি গাজী নিয়াজুল করিম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বেলালসহ দলটির নেতাকর্মীরা।
