ট্যাংক বিস্ফোরণে ইসরায়েলি ৩ সেনা নিহত, আহত ১

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৯:৪৪ পিএম

উত্তর গাজায় ট্যাংক বিস্ফোরণে ইসরায়েলি বাহিনীর তিন সেনা নিহত এবং এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। সোমবার (১৪ জুলাই) ঘটনাটি ঘটেছে।

বিস্ফোরণের কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে ট্যাংকটি হামাসের ছোড়া রকেট চালিত গ্রেনেডের কারণে বিস্ফোরিত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল।

পরে ইসরায়েলি বাহিনী জানায়, বিস্ফোরণটি সম্ভবত ট্যাংকের ভিতরে থাকা একটি গোলাবারুদের ত্রুটির কারণে ঘটে থাকতে পারে যা নিজেই বিস্ফোরিত হয়েছে।

নিহত তিন সেনা হলেন, স্টাফ সার্জেন্ট শোহাম মেনাহেম (২১), সার্জেন্ট শ্লোমো ইয়াকির শ্রেম (২০), সার্জেন্ট ইউলি ফাকতার (১৯)।

গুরুতর আহত সেই কর্মকর্তা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার নাম প্রকাশ করা হয়নি।

ঘটনাটি ঘটেছে গাজার জাবালিয়া শহরে সোমবার দুপুর নাগাদ। বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও তদন্তাধীন।

এই ঘটনার মাধ্যমে গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের স্থল অভিযানে ও সীমান্ত এলাকায় সামরিক কার্যক্রমে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৫৪ জনে। এর মধ্যে রয়েছেন দুইজন পুলিশ কর্মকর্তা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তিনজন বেসামরিক ঠিকাদার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত