ফেনী জেলার ফুলগাজী উপজেলার আমজাদহাটে নারী নির্যাতন মামলার আসামি পুলিশকে পিটিয়ে হ্যান্ডকাফসহ পালিয়েছে। ওই আসামি আমজাদহাট ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির আহম্মদ চৌধুরী প্রকাশ জাল কবির।
এসময় আসামির স্বজনদের হামলায় ছাগলনাইয়া থানা পুলিশের ৩ সদস্য আহত হন। পুলিশ এ ঘটনায় হামলাকারী ৬ জনকে আটক করেছে।
মঙ্গলবার (১৫ জুলাই) রাত সাড়ে সাতটার দিকে ফুলগাজীর আমজাদহাট এলাকায় এ ঘটনা ঘটে। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
আহত পুলিশ সদস্যরা হলেন- ফুলগাজী থানা পুলিশের উপপরিদর্শক রাফিদ, সহকারী উপপরিদর্শক দিদার ও কনস্টেবল সুমন।
পুলিশ সূত্র জানায়, অভিযুক্ত কবির আহম্মদ ছাগলনাইয়া থানায় করা একটি নারী নির্যাতন মামলার আসামি। মঙ্গলবার রাতে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তারের জন্য তার বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় কবির আহম্মদকে আটক করলে হ্যান্ডকাফসহ পালিয়ে যায়। ঘটনাস্থলে তার সহযোগী ও স্বজনদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হন।
ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম বলেন, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে গত বছরের ৬ অক্টোবর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তার জবাব সন্তোষজনক না হওয়ায় তখন তার সাংগঠনিক পদ স্থগিত করা হয়।
এ ব্যাপারে ছাগলনাইয়া ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, আসামির স্বজনদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হন। হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া ও পুলিশের ওপর হামলার ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মেরিটাইম ইউনিভার্সিটিতে ‘জুলাই স্মরণ’ অনুষ্ঠিত
চন্দনাইশে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু