সিরাজের আউটকে ‘দুর্ভাগ্যজনক’ বললেন ব্রিটেনের রাজা

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১১:৩৮ এএম

শোয়েব বশিরের বলটি ঠিকঠাক ডিফেন্ড করেছিলেন ভারতের শেষ ব্যাটার মোহাম্মদ সিরাজ। কিন্তু তার দুর্ভাগ্য, বল গিয়ে আঘাত হানে স্টাম্পে। এরই সাথে লর্ডস টেস্টে ২২ রানের রোমাঞ্চকর জয় তুলে নেয় ইংল্যান্ড। সিরাজের আউট নিয়ে অনেক আলোচনাই হচ্ছে। এবার সেই আলোচনায় যোগ দিলেন স্বয়ং ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। তিনি এই আউটকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন।

গত মঙ্গলবার ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে লন্ডনের সেন্ট জেমস প্যালেসে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। পাশাপাশি ভারতের নারী ক্রিকেট দলও সেখানে ছিল। তাদের সাথে আলাদাভাবে কথা বলেছেন তৃতীয় চার্লস। ভারতের পেসার আকাশদীপকে দেখে রাজা তৃতীয় চার্লস এগিয়ে এসে তার ক্যানসার আক্রান্ত বড় বোনের খোঁজ খবর নেন। তারপর কথা বলেন রোমাঞ্চকর লর্ডস টেস্ট নিয়ে। ভারতের নারী ও পুরুষ ক্রিকেটারদের সঙ্গে রাজা তৃতীয় চার্লস।

রাজার সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরে ভারত অধিনায়ক শুবমান গিল বলেছেন, ‘রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করার অভিজ্ঞতা দুর্দান্ত। আমাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেছেন। তিনি বলেছেন, লর্ডসে আমাদের শেষ ব্যাটার যেভাবে আউট হয়েছে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা বলেছি, ম্যাচের ফল যে কোনো দলের পক্ষেই যেতে পারত। ফলাফলটা আমাদের জন্য দুর্ভাগ্যের। আশা করি, বাকি দুটি টেস্টে আমরা আরও ভালো খেলব।’

ক্রিকেটারদের সঙ্গে সেন্ট জেমস প্যালেসে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শাইকিয়া এবং সহ-সভাপতি রাজীব শুক্লা। সংবাদমাধ্যমকে রাজীব বলেছেন, ‘রাজা ক্রিকেটারদের সঙ্গে নানা ব্যাপারে কথা বলেছেন। এমনকী আকাশদীপের কাছে তার বড় বোনের অসুস্থতা সম্পর্কেও জানতে চেয়েছেন। এমনকী ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির সঙ্গে তার বন্ধুত্বের কথাও জানিয়েছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত