গোপালগঞ্জের সহিংসতা ও প্রাণহানির ঘটনা তদন্তে কমিটি গঠন

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৩:১৭ পিএম

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতা ও প্রাণহানির ঘটনা তদন্তের কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তিন সদস্যের এ কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করে প্রধান উপদেষ্টার দপ্তরে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রেস উইং জানিয়েছে, তদন্ত কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন ও বিচার মন্ত্রণালয় থেকে আরও দুইজন অতিরিক্ত সচিব।

কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রধান উপদেষ্টার দপ্তরে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিবৃতিতে অন্তর্বর্তী সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠা, জনশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো অবৈধ কার্যকলাপ ও সহিংসতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

উল্লেখ্য, ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় সমাবেশের আয়োজন করে এনসিপি। কিন্তু এনসিপির কেন্দ্রীয় নেতারা মাবেশস্থলে পৌঁছানোর আগেই গতকাল দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে হামলার ঘটনা ঘটে।

ওই সময় হামলাকারীরা সভামঞ্চে ভাঙচুরসহ এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণ ঘটে। পরে এনসিপির নেতাকর্মীরা তাদের পাল্টা-ধাওয়া দিয়ে সভাস্থলের নিয়ন্ত্রণ নেন। কিন্তু সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে হামলার মুখে পড়ে এনসিপি'র কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর। সেসময় গাড়িবহরের ওপর ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে হামলাকারীরা। ওই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত