দক্ষিণ আফ্রিকাকে সহজেই হারালো বাংলাদেশের যুবারা

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৮:৫৪ পিএম

তিন ম্যাচ সিরিজের প্রথম যুব ওয়ানডেতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৩০ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে। বেননিতে আগে ব্যাট করে বাংলাদেশ তোলে ৬ উইকেটে ২৮৫ রান। জবাবে দক্ষিণ আফ্রিকা অলআউট হয় ১৫৫ রানে।

বাংলাদেশের যুবারা লড়াইয়ের পুঁজি পায় জাওয়াদ আবরার, রিজান হোসেন ও মোহাম্মদ আব্দুল্লাহর ফিফটিতে।

সানরাইজ স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে ইনিংসের সপ্তম ওভারেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ১৬ রান করে আউট হন রিফাত বেগ। ১০ ওভার শেষে ১ উইকেটে ৫৬ রান তোলে সফরকারীরা। তিনে নেমে দেখেশুনে খেলতে থাকেন আজিজুল হাকিম তামিম। ৪২ বলে ফিফটি পূর্ণ করেন জাওয়াদ। দ্বিতীয় উইকেটে আজিজুল হাকিম তামিমের সঙ্গে গড়েন ৮২ রানের জুটি। তামিম ব্যক্তিগত ২৬ রান করে বিদায় নিলে জুটি ভাঙে।

দারুণ ব্যাটিং করা জাওয়াদ ফেরেন ৭০ রানের ইনিংস খেলে। তার ইনিংসে ছিল ৯ চার ও ২ ছক্কা। এরপর বাংলাদেশের হাল ধরেন রিজান হোসান ও মোহাম্মদ আব্দুল্লাহ। ৪৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন রিজান। রিজানের বিদায়ে ভাঙে আব্দুল্লাহর সঙ্গে ৯৯ রানের জুটি। রিজান খেলেন ৬৩ রানের ইনিংস। রিজান ৫ চার ও ৩ ছক্কা হাঁকান। আব্দুল্লাহও ৭ চারে খেলেন ৬৩ রানের ইনিংস। শেষে ফরিদ হাসান (১৬*) ও দেবাশীষ দেবার (১৮*) ইনিংসে লড়াইয়ের ভালো পুঁজি পায় বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকা যুব দলের হয়ে ইনিংস সর্বোচ্চ ৭২ রান করেন মুহাম্মেদ বুলবুলিয়া। এছাড়া ২৪ রান করেন পল জেমস। ডানিয়েল বসমান ১৭ রান করেন। এছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। বাংলাদেশের ইকবাল হোসেন ইমন ও স্বাধীন ইসলাম নেন ৩ টি করে উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত