অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খুলনা মহানগর যুবদল।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় এই কর্মসূচি পালিত হয়।
খুলনা রেলস্টেশনের সামনে থেকে মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, আমরা দীর্ঘ ১৫ বছর দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, কিন্তু তার ছায়া এখনো রয়ে গেছে। তিনি অভিযোগ করেন, একটি মহল সারা বাংলাদেশে ষড়যন্ত্র করছে এবং আগামী নির্বাচনকে বানচাল করার পাঁয়তারা চালাচ্ছে।
অ্যাডভোকেট মনা আরও বলেন, দেশনায়ক তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, তার ভিত্তিতেই আগামী দিনে সর্বদলীয় সরকার প্রতিষ্ঠিত হবে। সেই নির্বাচনকে বানচাল করার জন্যই এই ষড়যন্ত্র চলছে। বিএনপি ফ্যাসিবাদের বিরুদ্ধে ১৭ বছর ধরে আপোসহীনভাবে লড়াই করেছে এবং ভবিষ্যতেও করবে।
সমাবেশে খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন ও সভাপতি আব্দুল আজিজ সুমনও বর্তমান পরিস্থিতি ও সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন। সমাবেশটি পরিচালনা করেন খুলনা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল।
এলএ শাখার সেই চেইনম্যান নজরুল ও তার স্ত্রীসহ সাতজনের বিচার শুরু
গণঅভ্যুত্থানের ঘটনায় ১২ মামলায় চার্জশিট দিল পুলিশ