খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত

আপডেট : ২৮ মে ২০২৬, ০৩:০৬ পিএম

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার (২৮ মে) সারাদেশের মতো খুলনায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধাসরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপ ঈদ মোবারক খচিত ব্যানারে সজ্জিত করা হয়। 

আগেই বৃষ্টির সম্ভাবনার কথা বিবেচনা করে খুলনায় ঈদুল আজহার প্রধান জামাত সার্কিট হাউস মাঠের পরিবর্তে টাউন জামে মসজিদে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। জামাতে ইমামতি করেন মুফতি আব্দুর রাজ্জাক। এছাড়া সকাল আটটায় দ্বিতীয় এবং সকাল নয়টায় তৃতীয় জামাত খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

ঈদের প্রধান জামাতে খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

সকাল সাড়ে সাতটায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে এবং সকাল সোয়া সাতটায় নূরনগর মেট্রোপলিটন মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর ৩১টি ওয়ার্ডে বিভিন্ন মসজিদ ও ঈদগাহে পৃথকভাবে নির্ধারিত সময় অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

খুলনা নগরীর খালিশপুর জামে মসজিদ, বসুপাড়া ইসলামাবাদ জামে মসজিদ, নিউমার্কেট সংলগ্ন বায়তুন নূর জামে মসজিদ, ডাকবাংলা জামে মসজিদ, ময়লাপোতা বায়তুল আমান জামে মসজিদ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ, খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদ, সোনাডাঙ্গা হাফিজনগর জামে মসজিদ, পিটিআই জামে মসজিদ, পশ্চিম টুটপাড়া আশরাফিয়া জামে মসজিদ, দক্ষিণ টুটপাড়া আল-আমিন জামে মসজিদ, মোল্লাপাড়া জামে মসজিদ, রহমানিয়া জামে মসজিদ, জাতিসংঘ শিশু পার্ক, কেডিএ নিরালা জামে মসজিদ, সিদ্দিকীয়া মাদ্রাসা, দারুল উলুম মাদ্রাসা, সোনাডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনাল মসজিদ, রূপসা বায়তুশ শরফ জামে মসজিদ, ফেরিঘাট আবু বকর সিদ্দিক (রা.) জামে মসজিদ ও গোবরচাকা জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন সরকারি হাসপাতাল, কারাগার, শিশুসদন, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, শিশু বিকাশ কেন্দ্র, আশ্রয়কেন্দ্র, সেফ হোম, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুঃস্থ কল্যাণ কেন্দ্রে বিশেষ খাবার পরিবেশন করা হয়।

এ ছাড়া বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্র বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে এবং স্থানীয় সংবাদপত্রগুলো নিজস্ব ব্যবস্থাপনায় বিশেষ সংখ্যা প্রকাশ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত