পটুয়াখালীর কুয়াকাটায় ঝোপের মধ্যে সবুজ হাওলাদার (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ জুলাই) বিকাল ৪টায় কুয়াকাটা পৌরসভার ২নং ওয়ার্ডে শরিফপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির ঝোপের মধ্যে থেকে নিখোঁজের দুইদিন পরে লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। নিহত সবুজ কুয়াকাটা পৌরসভার ১ নং ওয়ার্ডের আবুল বাসার হাওলাদার এর ছেলে। তিনি পেশায় মৎস্যজীবী ছিলেন।
স্থানীয় ময়না বেগম নামে এক মহিলা প্রতিদিনের মত গরু চরাতে পরিত্যক্ত বাগানে এলে হঠাৎ ঝোপের মধ্যে লাশ দেখতে পেয়ে লোকজনকে ডাকেন। তারপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।
নিহতের বোন মনিরা বলেন, দুই দিন আগে আমার ভাই তার স্ত্রী আমেনার সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। বিষয়টি আমেনা তার বড় ভাইকে জানালে সে এসে আমার ভাই সবুজকে হুমকি ধামকি ভয় দেখিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে আমেনা তার বাবার বাড়ীতে চলে যায় সাথে সবুজও যায়। ভেবেছিলাম সবুজ শ্বশুরবাড়ি আছে। কিন্ত আজ দেখি পরিত্যক্ত বাগানে গলায় গামছা লাগানো লাশ পরে আছে সবুজের।
এ বিষয়ে মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, প্রাথমিক অবস্থায় হত্যা মনে হচ্ছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
