বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের ধুনটমোড় মা-মনি হোটেলের বিপরীত পার্শ্ব খাদ্য গুদাম সংলগ্ন সড়ক যখন ময়লার ভাগাড়, তখন নিজ শহরকে পরিচ্ছন্ন রাখতে স্থানটি পরিষ্কারের উদ্যোগ নেয় স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। তাদেরকে পরিবহন সুবিধা দিয়ে সহায়তা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. আশিক খান।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে উপজেলা বিডি ক্লিন শেরপুর উপজেলা শাখার ২৫ জন স্বেচ্ছাসেবক টানা এক ঘণ্টার কর্মযজ্ঞ শেষে স্থানটি পরিস্কার করার মাধ্যমে এ উপজেলায় তাদের কার্যক্রম শুরু করল।
এদিকে তরুণ স্বেচ্ছাসেবকদের এমন উদ্যোগে খুশি শহরবাসী। নাসির নামে এক সিএনজি চালক দেশ রূপান্তরকে বলেন, ‘স্থানটি পরিষ্কার করে বিডি ক্লিন একটা ভাল কাজ করেছে। এতে এই রাস্তায় চলাচল করতে আর অসহনীয় দুর্গন্ধের মুখোমুখি হতে হবেনা। মশার বংশ বিস্তারও কিছুটা হলেও কমবে।’
এই সমাজসেবামূলক কার্যক্রমে নেতৃত্ব দেন বিডি ক্লিন বগুড়া জেলার সমন্বয়ক মোহাম্মদ রাকিব, শেরপুর উপজেলার উপ-সমন্বয়ক তৌহিদ রানা, সমন্বয়ক মো. আব্দুল হান্নান, সহকারী সমন্বয়ক মাহমুদুল হাসান মুজাহিদ, সহকারী সমন্বয়ক মামুনুর রশীদ ও আইটি এবং মিডিয়ার দায়িত্বে থাকা এনামুল হক।
পরামর্শক হিসেবে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম শিরু,শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল বগুড়ার (প্রভাষক) ডা. মোহাম্মদ ইকবাল হোসেন সনি, শেরপুর শহিদিয়া আলীয়া মাদ্রাসার ইংরেজী প্রভাষক আব্দুর রাজ্জাক, শেরপুর সাব-রেজিস্ট্রি অফিস সহকারী জাহিদ হাসান, এডুকেয়ার স্কুলের পরিচালক সুমন আরোবি সাংবাদিক জাহিদ হাসানসহ অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন স্থানীয় সুধীজন, শিক্ষার্থী, ও তরুণ সমাজ।
এ বিষয়ে বিডি ক্লিন শেরপুর উপজেলার সমন্বয়ক মোঃ আব্দুল হান্নান বলেন, ‘আমরা শুধু ময়লা পরিষ্কার করছি না, আমরা মানুষের মনের পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দিতে চাই। আমাদের টিমের প্রতিটি সদস্য স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করছে, কারণ আমরা বিশ্বাস করি পরিচ্ছন্নতা মানেই উন্নত ও মানবিক সমাজ। তিনি সবার সহযোগিতা কামনা করে প্রতি সপ্তাহে দুটি কার্যক্রম অব্যাহত থাকবে বলে নিশিচত করেন।’
এ কার্যক্রমে উপস্থিত হয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. আশিক খান দেশ রূপান্তরকে বলেন, পরিচ্ছন্নতা হচ্ছে নাগরিক দায়িত্ব। বিডি ক্লিনের এই উদ্যোগ তরুণ প্রজন্মকে একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনে উদ্বুদ্ধ করছে। শেরপুর উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে বিডি ক্লিনকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন এমন মহতী কাজে বিডি ক্লিনকে আমরা সহযোগিতা অব্যাহত রাখব।’
